ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ০৮:৩৫ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ১০:০২ এএম
সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ছবি: ভিডিও থেকে
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘উচ্চস্বরে’ গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় পুলিশ সদস্য ও মাদরাসার শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইন্সের ভেতরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ, মাদরাসা শিক্ষার্থী ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুসের ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিআইজি অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরও মাইকে উচ্চস্বরে গান বাজতে থাকে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, বুধবার পরীক্ষা থাকায় শব্দে পড়াশোনায় বিঘ্ন ঘটছিল বলে অভিযোগ করেন দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা।
তারা জানান, কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে শব্দ কমানোর অনুরোধ করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে শতাধিক শিক্ষার্থী সেখানে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
লাঠিচার্জের পর ইটপাটকেল নিক্ষেপ
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরা ইটপাটকেল ও ঢিল ছুড়তে থাকেন। এতে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।
মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ, প্রথমে শব্দ কমানো হলেও পরে আবার তা বাড়ানো হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।
তারা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।