প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ২৩:২২ পিএম
গোপালগঞ্জ জেলার বৌলতলীতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার দুপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের সড়কগুলোতে প্রতিদিন ঝরছে অসংখ্য তাজা প্রাণ। অতিরিক্ত গতি, চালকের বেপরোয়া ভাব, ত্রুটিপূর্ণ যানবাহন এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগের অভাবে এই মৃত্যুমিছিল দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সব মিলিয়ে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে কাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জন, গোপালগঞ্জে ট্রাক ও বাসের সংঘর্ষে ৩ জন মারা যান। এ ছাড়া সিরাজগঞ্জে ২ জন, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, রাজবাড়ী, মুন্সীগঞ্জ এবং ভোলায় একজন করে নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার বালিয়াদীঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান, জমির উদ্দিনের ছেলে আবু হায়াত, শেখটোলা মহল্লার জাফর আলীর ছেলে জাবের আলী ও এরফান আলীর ছেলে আসাদ আলী।
পুলিশ জানায়, সকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে কালভার্টের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আবু হায়াত ও হাবিবুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুপুরে কানসাট এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী আসাদ। আর হাসপাতালে নেওয়ার পথে জাবেরের মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, নিহতদের মধ্যে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গোপালগঞ্জ: জেলার বৌলতলীতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার দুপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনÑ ফরিদপুরের সালথা উপজেলার শিপন শেখের ছেলে ট্রাক চালক নাদিম শেখ (২৮) ও বাগেরহাটের রামপাল উপজেলার কাদের মুসাল্লীর ছেলে আবু হাসিব মুসাল্লী (১৯)। সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জ সদর গামী একটি লোকাল বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি রাস্তার পাশে খাঁদে এবং ট্রাকটি রাস্তার উপর উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত ও অন্তত ২০ বাস যাত্রী আহত হয়েছেন।
সিরাজগঞ্জ: উল্লাপাড়ার পাটধারী বাজার এলাকায় মঙ্গলবার ভোরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালক ও দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা হলেনÑ নাটোরের সিংড়া উপজেলার রেজওয়ান হোসেন (৩৫) ও বগুড়া সদর থানার সাদ্দাম হোসেন (৩০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর: নগরীর হাজীরহাট এলাকায় মঙ্গলবার দুপুরে ট্রাকচাপায় রুবাইয়াত ইসলাম রিফাত (১৭) নামে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। রিফাত রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। সে পীরগঞ্জ উপজেলার পরশুরামপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাঙ্গা (ফরিদপুর): মঙ্গলবার দুপুরে ভাঙ্গা গোলচত্বর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাফিস শেখ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত ও তার বন্ধু সুমন শেখ (১৮) গুরুতর আহত হয়েছেন। নিহত নাফিস শেখ ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি ঢাকার মাইলস্টোন কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ জানান, গোলচত্বর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজবাড়ী: মঙ্গলবার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ৩টি পৃথক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। নিহতের নাম নজরুল ইসলাম। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া এলাকায়।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, পৃথক সড়কে ৩টি দুঘর্টনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১০-১২ জন আহত হয়েছে।
মুন্সিগঞ্জ: মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কাশেম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার জৈষ্ঠ্যতলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে এবং জেএমআই ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন। অন্যদিকে শ্রীনগরের বেজগাঁও এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ৭ যাত্রী আহত হয়েছেন।
ভবেরচর হাইওয়ে থানার ওসি শাহ কামাল আখন্দ বলেন, নিহতের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ফুলবাড়ী (দিনাজপুর): স্কুলে যাওয়ার পথে মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ফারহানা সাদিকা শিফা (৯) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিফা ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুল হক ও রিক্তা বানু দম্পতির মেয়ে।
ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত যাত্রীবাহী বাস আটক করে থানায় রাখা হয়েছে। তবে বাসের চালক ও তার হেলপার (সহকারী) পলিয়ে গেছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লালমোহন (ভোলা): স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে ইঞ্জিনচালিত টমটমচাপায় জিসান (৭) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমোহনের লর্ডহাডিঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে।