খুলনা অফিস
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ২৩:০২ পিএম
খুলনায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৫) নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৫) নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজু শিকদার খুলনার ফুলতলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় রাজু শিকদার রায়ের মহল এলাকায় একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। শিশুটির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তবে শিশুটিকে সঙ্গে নিয়ে যেতে দেখে স্থানীয়রা ছেলেধরা সন্দেহে আটক করে রাজুকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। তবে তাকে কেন ছেলেধরা সন্দেহ করে মারধর করা হলোÑ তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা জানতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।