বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ২২:৪৬ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ২২:৫৪ পিএম
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল নিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যাওয়া দুই নারী সম্পর্কে দাদী ও নাতনি ছিলেন।
কুমিল্লা রেলস্টেশনের উত্তর পাশে শাসনগাছা রেলগেট এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ট্রেনে কাটা পড়ে দুজন মারা যান।
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি চাঁদনী আক্তার (১৪)। চাঁদনী জাহাঙ্গীর আলমের মেয়ে।
নিহতদের স্বজন জোহরা আক্তার জানান, মঙ্গলবার সকালে জোসনা বেগম তার নাতনি চাঁদনী আক্তারকে সঙ্গে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।
চিকিৎসা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শাসনগাছা রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনের ফুটওভার ব্রিজ থেকে ২০-৩০ ফুট সামনে রেললাইন ধরে হাঁটছিলেন তারা। এ সময় দ্রুতগতির বিরতিহীন সুবর্ণ ট্রেনটি ঢুকে পড়লে দুইজনই দিকভ্রান্ত হয়ে পড়েন।
তারা একজনের হাত ধরে অন্যজন টানাটানি করতে থাকেন। একপর্যায়ে একজন রেললাইন থেকে সামান্য নিচে নেমে এলেও অন্যজন রেললাইনের মাঝেই থেকে যান। তিনি ট্রেনে সরাসরি কাটা পড়েন। অন্যজন নিহত হন ধাক্কা লেগে।
খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল নিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মামুনুর রশীদ জানান, নিহত জোসনা বেগম ও চাঁদনী আক্তার পরস্পরের আত্মীয়। স্বজন জোহরা বেগম পুলিশ ফাঁড়িতে এসে মরদেহ দুটির পরিচয় শনাক্ত করেন।
তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।