শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ২০:০২ পিএম
মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় গ্রুপের ১৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চন্ডিখালী গ্রামে ইসরাইল মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের পাঁচজন আহত হন।
এ সময় উভয় গ্রুপের ১৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে চন্ডিখালী গ্রামের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও একই গ্রামের সাবেক গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদ মল্লিকের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সিরাজুল ইসলামের সমর্থক ইমদাদুল (৪০) ও আকুলকে (৫০) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে ইসরাইল মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে আসাদ মল্লিকের সমর্থক হাসিব, জিকু, আসাদুল, রহমতসহ কয়েকজন তাকে মারাত্মক আহত করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে সিরাজুল ইসলামের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসাদ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আসাদ মল্লিক গ্রুপের সিরাজ (৪০), আলম (৫৫) ও আমিরুল (৫০) মারাত্মক আহত হন। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিরাজুল ইসলাম গ্রুপের মন্টু, রাশেদ, সোহেল, ওয়াসিম, মুক্তার, সবুজ, মিরাজ শেখের দোকান এবং আসাদ মল্লিক গ্রুপের সোহরাব খান, আশরাফ খান, মহিদুল মোল্যা, মীর কাসেম, রফিকুল ইসলাম, মোজাম্মেলসহ উভয় গ্রুপের অন্তত ১৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।