নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৯:১৫ পিএম
নারায়ণগঞ্জের বন্দরে গোল্ডেন ফাইবার গ্লাস লিমিটেডের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে স্পিডবোট হস্তান্তর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দুর্যোগকালীন সময়ে জরুরি যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে দেশের ১২টি উপকূলীয় জেলার জন্য একটি করে মোট ১২টি উদ্ধারকারী স্পিডবোট হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের বন্দরে গোল্ডেন ফাইবার গ্লাস লিমিটেডের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এসব স্পিডবোট হস্তান্তর করা হয়। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কম্পোনেন্ট-২ ও ৩-এর আওতায় জাইকার অর্থায়নে এসব স্পিডবোট দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত এইচই মি. সাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মন্ত্রণালয়ের সচিব মো. মোহাম্মদ সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজওয়ানুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নূরজাহান খানম এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। এ ছাড়া ১২টি উপকূলীয় জেলার অতিরিক্ত জেলা প্রশাসকরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দুর্যোগের সময় শুধু খাদ্য সহায়তা নয়, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনাও অত্যন্ত জরুরি। বিশেষ করে চর ও উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য উদ্ধার সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, জাইকার অর্থায়নে পাওয়া বোটগুলোর মধ্যে একটি সম্প্রতি চট্টগ্রামে পাঠানো হয়েছিল। অতিবৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল। ওই বোটটি সেখানে উদ্ধার কাজে সহায়তা করেছে। এ সময় জাইকা ও জাপান সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।