মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৯:১৩ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
মঙ্গলবার ভোরে শহরতলির বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন গলি থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয় বলে বিকালে নিশ্চিত করেছে জেলা পুলিশের মিডিয়া সেল।
পুলিশ জানায়, রাত্রিকালীন ডিউটির সময় খবর পাওয়া যায় একটি প্রাইভেটকারে করে চার-পাঁচজন ব্যক্তি বিরাহিমপুরের জোড়াপুল সংলগ্ন একটি গলিতে এসে আরও কয়েকজন সহযোগীর সঙ্গে মিলিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটির সামনে ব্যারিকেড দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইরে অবস্থানরত তিন-চারজন সহযোগী পালিয়ে গেলেও গাড়ির ভেতরে থাকা চারজনকে আটক করা হয়।
আটকরা হলেনÑ মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া (২৮) এবং একই উপজেলার সিন্দুরখান রোড এলাকার রাসেল আহমেদ (৩০)।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত রাসেল মিয়ার বিরুদ্ধে পূর্বে চুরি ও ডাকাতিসহ ৫টি, জুয়েল মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী-শিশু নির্যাতন আইনের ৫টি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে চুরির ১টি মামলা রয়েছে বলে সিডিএমএস যাচাই করে জানা যায়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"