ফরিদপুর ও বোয়ালমারী প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৯:০০ পিএম
ইনামুল মোল্লা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ইনামুল মোল্লা (২৮) নামে এক জামায়াত নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনাটি নিয়ে বোয়ালমারী উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায়।
স্থানীয় এলাকাবাসী জানায়, বোয়ালমারী পৌর এলাকার কুশাডাঙ্গার বাসিন্দা ও ওয়ার্ড জামায়াতের আমির ইনামুল মোল্লা দীর্ঘদিন ধরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করে আসছিলেন। সম্প্রতি তাদের পরকীয়ার কথা উভয় পরিবার জানতে পারেন। এ নিয়ে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা শুরু হওয়ায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার উপজেলা জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে সংবাদকর্মীদের অব্যাহতির কথা জানানো হয়।
এ বিষয়ে জামায়াত নেতা ইনামুল মোল্লার মোবাইলে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
ইনামুলের কর্মস্থল হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, কয়েকদিন আগে উক্ত নারীর প্রবাসী স্বামী আমাকে ফোন করে তার স্ত্রীর সঙ্গে পরকীয়ার বিষয়টি জানান।
রেজাউল করিম বলেন, এই বিষয়টি নিয়ে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগের ভিত্তিতে এনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কোনো ব্যক্তির অপকর্ম বা খারাপ কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।