আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৮:৪৩ পিএম
এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহ। ছবি: সংগৃহীত
ঢাকার সাভার মডেল থানার বিতর্কিত এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহকে অবশেষে ক্লোজড করে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
এর আগে, গত সোমবার রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের প্রতিবেদন প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সর্বশেষ গত ১৬ আগস্ট আদালতে চাঁদাবাজির মামলা হওয়ার পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছেন।
এর আগে গত ১৬ আগস্ট এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন সুরাইয়া বেগম নামে এক নারী। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহর পরোক্ষ মদদে দীর্ঘদিন ধরে সুরাইয়া বেগমের ছেলে শামীম রেজার কাছে চাঁদা দাবি করে আসছিলেন আসামিরা। এর ধারাবাহিকতায় গত ২২ মে তারা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে শামীমের রিকশার গ্যারেজে যান। সেখানে শামীমের কাছে ৩৮ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে গ্যারেজে ভাঙচুর চালিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি করা হয়। একই সময় গ্যারেজে থাকা নগদ ৯০ হাজার টাকা এবং প্রায় ৬ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল নিয়ে যায় অভিযুক্তরা। সেদিন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনার পর থেকেই শামীম রেজাকে ঘিরে শুরু হয় একের পর এক মামলা ও এসআই নেয়ামতের পূর্ব পরিকল্পিত পুলিশি তৎপরতা। মাহাবুব হোসেন সামিরসহ সাংবাদিককে মারধরের পর আহত করার ঘটনায় শামীম রেজাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। এরপর কয়েক দফায় শামীমের গ্যারেজ লুট করে প্রায় ২৩টি অটোরিকশা, ১৪ লাখ টাকার রিক্সার ব্যাটারিসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় মাহাবুব হোসেন সামির ও তার লোকজন। পরবর্তীতে ১০ জুন শামীম রেজাকে ওই মামলায় গ্রেপ্তার করে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়।
মামলা সূত্রে আরও জানা যায়, থানায় নেওয়ার পর এসআই নেয়ামত উল্লাহ শামীমকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের ভয় দেখান। একই সঙ্গে শামীম ও তার স্ত্রীকে বিভিন্ন মামলা, গ্রেপ্তার ও পরোয়ানা-সংক্রান্ত হয়রানি থেকে রক্ষা করার কথা বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আহতদের ক্ষতিপূরণ বাবদ নগদ টাকা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করতে দুটি আই ফোন আদায় করেন তিনি। শুধু তাই নয় শামীম রেজাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে নগদ ৩ লাখ ৩৮ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি এবং প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন নেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর মোবাইল ফোন ফেরত দেওয়া হলেও নগদ টাকা ও স্বর্ণের আংটি ফেরত দেওয়া হয়নি।