বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ড চত্বরে মঙ্গলবার নারীদের জন্য বাস সার্ভিস চালুর কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বিশেষ বাস সার্ভিস।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে শুধু নারীদের জন্য দুটি বাস মঙ্গলবার থেকে শেরপুর-মাটিডালি-মোকামতলা-বনানী রুটে চলাচল শুরু করেছে।
বাস দুটির চালক ও কন্ডাক্টরও নারী। সরকারের এ উদ্যোগে খুশি নারী যাত্রীরা।
গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্র
বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ড চত্বরে মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
এ সময় বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম, বিআরটিসির কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, বিআরটিসির প্রচলিত লাল রঙের বাসের তুলনায় এ বাসের রঙে যেমন ভিন্নতা রয়েছে, তেমনি পরিচালনাতেও রয়েছে ভিন্নতা। এ বাসে নারী যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরও থাকবেন নারী।
তিনি বলেন, মঙ্গলবার থেকে দুটি বাস শেরপুর-মাটিডালি-মোকামতলা-বনানী রুটে চলাচল করবে। পরবর্তী সময়ে বাস দুটি বগুড়া শহরের বিভিন্ন রুটে চলাচল করবে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, নারীদের জন্য বিশেষ বাস সার্ভিসের বাসগুলো গোলাপি রঙের।
ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাসের পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাস এ সেবার আওতায় চালু করা হয়েছে। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বাস পরিচালনার মাধ্যমে পরিবহন খাতে নারীদের অংশগ্রহণও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।