গাজীপুর সংবাদদাতা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৯:২৫ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ২২:০৬ পিএম
গাজীপুরের সাফারি পার্কে বিজিবি একটি নীলগাই হস্তান্তর করেছে। ছবি : প্রবা
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিরল প্রজাতির একটি নীলগাই হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বিজিবির ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্যা পাটওয়ারীর নিকট নীলগাইটি হস্তান্তর করেন।
এ সময় বিজিবির পরিচালক (ভেটেরিনারি) আ ন ম আশরাফুল আলম মণ্ডলসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং বন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হস্তান্তরের বিষয়টি জানিয়েছেন বিজিবি সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি বলেন, গত ২৬ অক্টোবর বিজিবির রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপির টহলদল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের সীমান্তবর্তী হাউসনগর এলাকা থেকে আহত অবস্থায় নীলগাইটিকে উদ্ধার করে।
এলাকাবাসীর ধাওয়া খেয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার কারণে নীলগাইটির শরীরে মারাত্মক জখম হয় এবং দীর্ঘক্ষণ না খেয়ে থাকায় অত্যন্ত দুর্বল ও মৃতপ্রায় হয়ে পড়ে। পরে প্রাণীটিকে উদ্ধার করে বিজিবির তত্ত্বাবধানে দীর্ঘ ২ মাস ৮ দিন নিজস্ব ভেটেরিনারি ডাক্তার দিয়ে চিকিৎসা, প্রয়োজনীয় খাবার ও নিবিড় পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলা হয়। প্রাণীটিকে জাতীয়ভাবে সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের কান্তিভিটা এলাকায় স্থানীয়দের নির্মমতার শিকার মৃতপ্রায় একটি পুরুষ নীলগাই উদ্ধার করে বিজিবি। পরে দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে বিরল এ প্রাণীকে সম্পূর্ণ সুস্থ করে তোলে। এ ছাড়া ২০২২ সালের ৬ জানুয়ারি দিনাজপুর ব্যাটালিয়নের বৈরচূনায় বিজিবির টহলদল আহত অবস্থায় আরও একটি নীলগাই উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। পরে নীলগাই দুটিকে ঢাকায় এনে পিলখানার অভয়ারণ্যে রাখা হয়।