ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১১:৩৯ এএম
ফরিদপুরের ভাঙ্গায় পিস্তল দিয়ে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্ক করা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পিস্তল দিয়ে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে।
ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে কেউ হতাহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার দিক থেকে একটি প্রাইভেটকারে এক যুবক ও এক তরুণী ভাঙ্গা হাইওয়ে থানার সামনে আসেন। মহাসড়কের ওপর গাড়িটি পার্ক করাকে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গাড়িতে থাকা তরুণী নেমে স্থানীয় ওই যুবককে থাপ্পড় মারলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরে গাড়িতে থাকা ওই যুবক একটি ব্যাগ থেকে পিস্তল বের করেন। এ সময় গালিগালাজ করতে করতে গাড়ির জানালা দিয়ে হাত ও মাথা বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন তিনি। হঠাৎ গুলির শব্দে মহাসড়ক ও আশপাশের দোকানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। এ সময় ওই যুবক তরুণীকে সঙ্গে নিয়ে প্রাইভেটকারে করে দ্রুত খুলনার দিকে চলে যান।
এদিকে ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে খয়েরি রঙের একটি প্রাইভেটকারের চালকের আসনে এক যুবককে উত্তেজিত অবস্থায় দেখা যায়।
আরও দেখা যায়, পাশে থাকা এক তরুণী ওই যুবককে থামানোর চেষ্টা করছেন। পরে ওই যুবক গাড়ির জানালা দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তিও আতঙ্কে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।
ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, ঘটনাটির একটি ভিডিও পুলিশ পেয়েছে। তবে ভিডিওটি ভাঙ্গার ঘটনার কি না, তা যাচাই ও জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। ভাঙ্গায় ঘটনাটি ঘটে থাকলে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।