× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজতে আ. লীগ নেতা-কর্মীদের ভিডিও, ওসিসহ প্রত্যাহার ৩

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ০৮:৪০ এএম

সাতক্ষীরা সদর থানা। ছবি: রিপন

সাতক্ষীরা সদর থানা। ছবি: রিপন

হাজতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন—এমন অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পর সাতক্ষীরা সদর থানা ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত এবং ডিউটি অফিসার ও সহকারী ডিউটি অফিসারকে বদলি করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশ সোমবার রাতে এ সিদ্ধান্ত নেওয়ার আগে বিকালে ছাত্রদলের একটি সমাবেশ থেকে অভিযোগ তোলা হয়, গত ১৫ আগস্ট সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার শফিকুল ইসলাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভনকে আটকের পর তারা থানা থেকে ভিডিও বার্তা ছড়িয়েছেন। অবশ্য পুলিশ এ ঘটনা অস্বীকার করছে।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম অভিযোগ করেন, সম্প্রতি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পিসহ নেতা-কর্মীদের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালালেও সদর থানার ওসি মাসুদুর রহমান অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, যার কারণে জেলায় ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ অপতৎপরতা চালানোর দুঃসাহস পেয়েছে।

সমাবেশ ও মানববন্ধনে ছাত্রদল নেতারা অবিলম্বে ওসির স্থায়ী অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, যার মধ্যেই সদর থানা হাজতের ভেতর থেকে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের ভিডিও বার্তার বিষয়টি সামনে আসে।

এর কয়েক ঘণ্টা পর সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই সঙ্গে ডিউটি অফিসার পিংকি রায় ও সহকারী ডিউটি অফিসার এনিভা খাতুনকেও বদলি করা হয়।

অন্যদিকে ক্ষোভ প্রকাশ করে সাতক্ষীরা জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও দলটির নেতা-কর্মীরা বিভিন্ন সময় সাতক্ষীরায় নিষিদ্ধ কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব ঘটনায় সদর থানার ওসির পক্ষ থেকে সব সময় কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তিনি আরও বলেন, সম্প্রতি কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার হওয়ার পর থানা হাজতের ভেতরে তাদের দিয়ে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় শুধু ওসিকে বদলি করাই যথেষ্ট নয়, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

তবে ভিডিও ধারণের ঘটনা সম্পর্কে ভিন্ন কথা বলছেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার। তিনি বলেন, ‘ভিডিও ধারণের বিষয়টি আমাদের জানা নেই। আর ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলির বিষয়টি নিয়মিত বদলির অংশ।’

এ বিষয়ে বক্তব্য জানতে সাতক্ষীরা সদর থানা থেকে সদ্য প্রত্যাহার হওয়া ওসি মাসুদুর রহমানকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা