চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২১:২৫ পিএম
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: মিজানুর রহমান
চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ আরাফাত (২৪) নামের এক যুবককে গুলি করে পালিয়েছেন কয়েকজন অস্ত্রধারী।
উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় গিয়ে তাকে ধরে গুলি করে পালিয়ে যান তারা। এ সময় গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা আহত আরাফাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দুই নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়।
খবর পেয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন, তবে হামলাকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
চমেক হাসপাতালের চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘হাটহাজারীর মদুনাঘাট এলাকার মধ্যম মাদার্শা বড়ুয়াপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজন শর্টগান দিয়ে গুলি করলে আরাফাত আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে আনা হয়।’
তিনি আরও বলেন, ‘আরাফাতের মুখে গুলি লেগেছে। তবে তার আঘাত গুরুতর নয়। শরীরের অন্য কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’