খুলনা অফিস
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২১:০৩ পিএম
খুলনার হোটেল সিটি ইনে মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অংশীজন সম্মেলন-২০২৬-এ বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাব্যতা, ড্রেজিং ও জেটি উন্নয়নের পাশাপাশি এফএসআরইউ স্থাপনের উদ্যোগ, মোংলা অর্থনৈতিক অঞ্চলে ধাপে ধাপে ৮৫ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা। মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলে শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক হাব গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
বন্দরের নাব্যতা নিশ্চিত, ড্রেজিংয়ে স্বচ্ছতা ও জবাবদিহি, জেটি ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি এবং শিল্প-সেবা খাতে বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি মোংলায় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় খুলনার হোটেল সিটি ইনে মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অংশীজন সম্মেলন-২০২৬-এ এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
মন্ত্রী বলেন, মোংলা বন্দরের নাব্যতা ধরে রাখতে ক্যাপিটাল, রক্ষণাবেক্ষণ ও স্পট ড্রেজিং যেখানে যা প্রয়োজন, সরকার তা করবে। ১০ মিটার ড্রাফট নিশ্চিত করা গেলে বড় জাহাজ বন্দরে ভিড়তে পারবে। ড্রেজিংয়ের অর্থ বরাদ্দের পরও কাঙ্ক্ষিত ড্রাফট না পাওয়ার এবং যথাযথভাবে কাজ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব অনিয়ম বন্ধ করে ড্রেজিং কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। নৌপথে থাকা পরিত্যক্ত জাহাজ বা রেকও দ্রুত অপসারণ করা হবে।
মোংলায় এফএসআরইউ স্থাপনের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমানে এলএনজি সরবরাহে চট্টগ্রামনির্ভরতা রয়েছে। সেখানে দুটি এফএসআরইউর একটিতে বড় ধরনের সমস্যা দেখা দেওয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় মোংলায় এলএনজি সরবরাহের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তাঁর সম্মতির পর কাজ শুরু হয়েছে। সম্ভাব্য স্থান হিসেবে আকরাম পয়েন্ট পরিদর্শন করা হলেও চূড়ান্ত সিদ্ধান্তের আগে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা ও হাইড্রোমরফোলজি সমীক্ষা প্রয়োজন।
তিনি জানান, মোংলা অর্থনৈতিক অঞ্চলে একটি প্রতিষ্ঠানের প্রথম ধাপের কাজ ১৮ মাসের মধ্যে শুরু হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। দ্বিতীয় ধাপ তিন বছরে শেষ হলে আরও প্রায় ৬০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুটি বা তিনটি জেটি ও কনটেইনার হ্যান্ডলিং অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
খুলনা-মোংলা যোগাযোগব্যবস্থার উন্নয়নেও পর্যায়ক্রমে প্রকল্প নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। বিনিয়োগের সুফল ও বন্দরের রাজস্ব সক্ষমতা বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হবে। তাঁর ভাষায়, মোংলাকে ঘিরে অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা শুধু আঞ্চলিক নয়, এটি জাতীয় পরিকল্পনার অংশ।
সম্মেলনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন।