রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২০:৪০ পিএম
জেলে ফালান মিয়া ও তার ছেলে। ছবি: সংগৃহীত
নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন বাঁচিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন লংগদুর জেলে ফালান মিয়া। নিজের জীবন বিপন্ন করে ছেলেকে কাপ্তাই লেকের গভীর পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাল।
ফালান মিয়া রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ছোট মাহিল্যা গ্রামের বাসিন্দা এবং পেশায় জেলে। লংগদু থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফালান মিয়া গত রবিবার সন্ধ্যায় মাছ ধরার ছোট বোটে করে সার নিয়ে বাড়ি ফেরার পথে কালাপাকুজ্যা ও গুলশাখালীর মধ্যবর্তী একটি বিল এলাকায় আকস্মিকভাবে নৌকাডুবির শিকার হন। সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী শিশুপুত্র। ওই সময় অন্ধকারে তার নিজের ও ছেলের জীবন বিপন্ন ভেবে ছেলেকে কোনো রকমে অপর একটি বোটে নিক্ষেপ করে প্রাণে বাঁচান। তবে নিজেকে তিনি আর সামলাতে না পেরে হ্রদের পানিতে তলিয়ে যান। এরপর দীর্ঘ সময় ধরে নিখোঁজ ছিলেন তিনি। প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সকালে লংগদু ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ হ্রদের পানি থেকে উদ্ধার করেন।