তালা (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২০:২৩ পিএম
তালা থানা। ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালায় উন্নত চিকিৎসার কথা বলে অসুস্থ গৃহবধূকে ডেকে এনে খাদ্যে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে গ্যাংরেপ ও তা ভিডিও ধারনের ঘটনায় দায়ের করা মামলায় খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকা থেকে রবিবার সকালে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী শিপ্রা বিশ্বাস (৩৫), কাশিমনগর এলাকার সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী ও অপরজন অনুপ বিশ্বাস (৩৮) একই এলাকার দেবব্রত বিশ্বাসের ছেলে ও স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কর্মচারী।
এর আগে কয়রার জনৈক গৃহবধূকে গত ১৪ আগস্ট এক বাড়িতে প্রথমে অচেতন ও পরে গণধর্ষণ করা হয়েছে মর্মে একটি মামলা করা হয়।
গত ১৩ আগস্ট বিকালে খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের অসুস্থ ওই গৃহবধূকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা করানোর কথা বলে তালায় নিয়ে আসা হয়। এরপর তাকে বলা হয় এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবং রাতে সেখানে ডাক্তার পাওয়া যাবে না এমন কথা বলে তাকে কৌশলে তালা ব্রিজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায় রাজু নামের এক যুবক। এ সময় রাজু নিজেকে সাতক্ষীরার একটি ক্লিনিকে চাকরি করেন বলে পরিচয় দেন।
রাতে ওই বাড়িতে বসবাসকারী এক নারীর সহযোগিতায় প্রথমে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অসুস্থ গৃহবধূকে ধর্ষণ করে রাজু। জ্ঞান ফেরার পরে গৃহবধূ তাকে ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে বাড়ির ওই নারীকে জানায়। এ সময় ওই নারী ধর্ষণের শিকার গৃহবধূকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মোবাইলে ধারণ করা নগ্ন ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এর পর রাতে ফের গৃহবধূকে ধর্ষণ করে রাজুসহ অপর এক যুবক। পরের দিন শুক্রবার সকালে অসুস্থ গৃহবধূ ওই বাড়ি থেকে কৌশলে বেরিয়ে থানায় গিয়ে ঘটনার বিবরণ দিয়ে একটি অভিযোগ দাখিল করেন।