নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২০:০৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের নল্লাপাড়া ৭ নম্বর ওয়ার্ডে গরু চোর সন্দেহে গণপিটুনিতে কাজল মিয়া নামে একজন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের নল্লাপাড়া ৭ নম্বর ওয়ার্ডে গরু চোর সন্দেহে গণপিটুনিতে কাজল মিয়া (৪৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নবীনগর থানায় একটি মামলা হয়েছে।
রবিবার রাতে নল্লাপাড়া গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া এলাকার ফরিদ মিয়া ও পারুল বেগমের ছেলে।
জানা গেছে, রবিবার মধ্যরাতে নল্লাপাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরি করতে কাজল মিয়া প্রবেশ করেছেনÑ এমন অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করেন। পরে স্থানীয় মসজিদের মাইকে এলাকায় গরু চোর প্রবেশের ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে লোকজন কাজলকে একটি গরুসহ আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।