মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৯:৫৮ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ‘বই পড়া উৎসব’। উৎসবের প্রথম পর্ব ‘মুকুল’-এর মূল্যায়নী পরীক্ষা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘বই পড়ি, মন গড়ি’Ñ এই স্লোগানকে সামনে রেখে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মোবাইল ও বিভিন্ন ডিভাইসের স্ক্রিন নির্ভরতা কমিয়ে বই পড়ার আনন্দময় জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ‘বই পড়া উৎসব’।
উৎসবের প্রথম পর্ব ‘মুকুল’-এর মূল্যায়নী পরীক্ষা হয়েছে সোমবার। সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ৪৫ মিনিটের এ মূল্যায়নী পরীক্ষায় পুরো উপজেলার ৩৮টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।
আয়োজকরা জানান, এবারের ‘বই পড়া উৎসব’ তিনটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এ তিনটি ধাপ হলো ‘মুকুল’, ‘ফুল’ ও ‘ফল’। উৎসবের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এক শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও মূল্যায়ন অন্য প্রতিষ্ঠানের শিক্ষকরা করবেন। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠান থেকে সমন্বয়ের জন্য একজন করে ‘ফোকাল পারসন’ শিক্ষক দায়িত্ব পালন করেছেন। প্রথম ধাপ ‘মুকুল’ পর্বে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণি থেকে সেরা ১০ জন করে শিক্ষার্থীকে দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত করা হবে। এর আগে উৎসবে ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি (পাস) ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাংলা ও বিশ্বসাহিত্যের ১৪টি বই নির্বাচন করে দেওয়া হয়েছিল। বইগুলো হলো ষষ্ঠ শ্রেণির জন্য আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিনের ‘আবিষ্কারের নেশায়’ ও এ. পি. জে. আবদুল কালামের ‘উইংস অব ফায়ার’; সপ্তম শ্রেণির জন্য শাহেদ আলীর ‘জিবরাইলের ডানা’ ও জুল ভার্নের ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’; অষ্টম শ্রেণির জন্য হুমায়ুন আজাদের ‘লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী’ ও জর্জ অরওয়েলের ‘অ্যানিমেল ফার্ম’; নবম শ্রেণির জন্য মুহম্মদ আব্দুল হাইয়ের ‘বিলেতে সাড়ে সাতশ দিন’ ও কাজী নজরুল ইসলামের ‘মরু-ভাস্কর’; দশম শ্রেণির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাশিয়ার চিঠি’ ও সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’; একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ ও আনোয়ার পাশার ‘রাইফেল, রোটি, আওরাত’ এবং ডিগ্রি (পাস)/অনার্স শ্রেণির জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’ ও কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’।
উৎসবের দ্বিতীয় ধাপ ‘ফুল’ পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত নতুন একটি বই পড়বে। এ পর্বের পরীক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে আগামী ৩০ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে। সেখান থেকে প্রতিটি শ্রেণির সেরা তিনজন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে উঠবে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘বই পড়ি, মন গড়িÑ প্রতিপাদ্য নিয়ে আমরা শ্রীমঙ্গলে শুরু করেছি শ্রীমঙ্গল বইপড়া উৎসব-২০২৬। সোমবার আমাদের বইপড়া উৎসবের প্রথম পর্ব অর্থাৎ মুকুল পর্বের মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা যদিও এটিকে উৎসব বলছি, তবুও আমরা সামষ্টিক মূল্যায়নের স্বার্থে সবার মধ্য থেকে উৎসবমুখর পরিবেশে এই মূল্যায়ন গ্রহণ করছি। বইপড়া উৎসবটি মূলত তিনটি ভাগে বিভক্ত। প্রথম পর্ব মুকুল, দ্বিতীয় পর্ব ফুল এবং সবশেষে ফল। আমরা প্রত্যেক শিক্ষার্থীকে মেধা ও মননে বিকশিত করার জন্য পাঠ্যবইয়ের বাইরেও গল্প, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনী, বিশ্বখ্যাত সাহিত্যের যে বইগুলো রয়েছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, তাদের পড়তে উৎসাহিত করছি।