আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৯:৩৯ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ২১:৩২ পিএম
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নেয়ামত উল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও আসামির স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নেয়ামত উল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. নজরুল ইসলাম।
এর আগে, গত রবিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান এ আদেশ দেন। আদালতের আদেশে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) নিচে নয়- এমন পদমর্যাদার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বাদী সাভারের পশ্চিম রাজাশন এলাকার বাসিন্দা সুরাইয়া বেগম (৫৪)। তিনি এসআই মো. নেয়ামত উল্লাহকে প্রধান আসামি করেছেন। মামলায় এজাহারনামীয় আরও দুইজন এবং অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বাদীর ছেলে শামীমের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও টাকা ছিনিয়ে নেয়। পরে একটি মামলায় শামীম রেজাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানায় নিয়ে যায়। এ সময় তাকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এসআই নেয়ামত উল্লাহ। এছাড়া ভয়-ভীতি প্রদর্শন করে দুটি দামি আইফোন মোবাইল চাঁদা হিসেবে আদায়ের অভিযোগও আনা হয়েছে এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে। গ্রেপ্তারের আগে দুই দফায় মোট সাড়ে চার লাখ টাকা নেয়া হয়েছিল বলেও মামলার এজাহারে উল্লেখ করেছেন বাদী।
এজাহারে আরও উল্লেখ করা হয়, শামীম রেজাকে গ্রেপ্তারের পর তার কাছে থাকা নগদ ৩ লাখ ৩৮ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি আত্মসাৎ করেন এসআই নেয়ামত উল্লাহ। এ নিয়ে প্রশ্ন উঠলে ব্যবহৃত মোবাইল ফেরত দিয়ে পরবর্তীতে পরিবারের সদস্যদের ওপরও চাপ সৃষ্টি করা হয় এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।
বাদীপক্ষের দাবি, পুলিশের একজন কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠলেও প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তারা।
মামলার অভিযোগের বিষয়ে জানতে চেয়ে এসআই নেয়ামত উল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ব্যস্ততার কথা জানিয়ে পরে কথা বলবেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে আইনজীবী মো. নজরুল ইসলাম বলেন, মামলার বাদী বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাভার আমলি আদালতে উপস্থিত হয়ে ২০০ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। বিজ্ঞ আদালত জবানবন্দি ও নথিপত্র পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে নিয়ে পিবিআইকে দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তদন্তে অভিযোগগুলোর সত্যতা যাচাই হবে এবং সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।