সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৯:১২ পিএম
গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ৫ যুবক নিখোঁজ। ছবি: সংগৃহীত
উন্নত জীবনের আশায় অবৈধ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার প্রলোভনের ফাঁদে পড়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ যুবক নিখোঁজ হয়েছেন। লিবিয়ার তবরুক থেকে গ্রিসে যাওয়ার পথে দিকভ্রষ্ট হওয়া একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা থেকে অন্যদের উদ্ধার করা হলেও এখন পর্যন্ত খোঁজ মেলেনি ওই পাঁচ যুবকের।
কেউ হারিয়েছেন আদরের ছেলেকে, কেউ ভাইকে, আবার কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। প্রিয়জনদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। পরিবারগুলোতে চলছে মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিখোঁজ হওয়া পাঁচ যুবক হলেন- শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামের মামুন খান, রিপন মিয়া ও এনাম উদ্দিন, শত্রুমর্দন গ্রামের হৃদয় চন্দ্র পাল এবং রনসী গ্রামের ছাব্বির হোসেন তালহা।
জানা গেছে, ইউরোপে যাওয়ার স্বপ্নে লিবিয়া হয়ে গ্রিসগামী একটি নৌকায় যাত্রা করেছিলেন তারা। কিন্তু সেই স্বপ্নের যাত্রাই শেষ হয় ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ে। লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে মাত্র ২৫ জন যাত্রী ধারণক্ষমতার একটি রাবারের নৌকায় তোলা হয়েছিল ৪২ জনকে। যার ফলে ভূমধ্যসাগরের মাঝে এসে নৌকাটি দিকভ্রষ্ট হয়ে পড়ে। পরবর্তীতে মিসরের মারসা মাতরুহ উপকূল থেকে ২৯ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন।
স্থানীয়রা জানান, দালালচক্রের প্রলোভনে পড়ে প্রতিনিয়তই এই অঞ্চলের তরুণরা অবৈধভাবে ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছেন। পরিবারগুলো জমি বিক্রি, ঋণ ও ধার করে লাখ লাখ টাকা জোগাড় করে সন্তানদের বিদেশ পাঠান। কিন্তু অনেকেরই সেই স্বপ্ন শেষ হয় সাগরের গভীরে।
প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিখোঁজ পরিবারগুলো। তারা জানেন নাÑতাদের প্রিয় মানুষগুলো বেঁচে আছেন, নাকি সাগরের অতলে হারিয়ে গেছেন। নিখোঁজ যুবকদের একজন মামুন খান। তার বাড়িতে চলছে অন্তহীন কান্নাবিলাপ। দালাল চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিখোঁজদের সন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়া দাবি পরিবারের।
মামুনের স্বজনরা জানিয়েছেন, সংসারের সচ্ছলতা ফেরাতে ও উন্নত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে স্থানীয় দালাল চক্রের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিয়েছিলেন এসব যুবকের পরিবার। চুক্তি অনুযায়ী, গত ৩ আগস্ট লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে একটি অনিরাপদ নৌকায় তুলে দেওয়া হয় ৪২ জন যাত্রীকে। এরপর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মামা আলী হোসেন বলেন, এখন পর্যন্ত তার ভাগ্নের কোন খোঁজ পায়নি। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।
আরেক নিখোঁজ যুবক ছাব্বির হোসেনের বড় ভাই ইমরান আহমেদ বলেন, এখন পর্যন্ত সঠিক কোনো খবরা-খবর পায়নি, দুশ্চিন্তায় আছি। তবে আশা করি ভালো খবর পাবো। সেই ভালো খবরের আশায় আছি আমরা।
শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা জানান, ৫ যুবকের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। তিনি বলেন, বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে নিখোঁজদের পরিববারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত মার্চেও লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করা একটি নৌকায় অন্তত ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ১২ জনই সুনামগঞ্জের বাসিন্দা ছিলেন।