বগুড়া অফিস
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৮:০৬ পিএম
বগুড়ার জেলা প্রশাসকের কাছে সোমবার সাত আইন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সরকার জুলাই সনদ না মানায় বগুড়ায় সাত আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে সোমবার সকালে পদত্যাগপত্র জমা দেন জামায়াতে ইসলামী সমর্থিত লইয়ার্স কাউন্সিলে থাকা সাত আইন কর্মকর্তা।
২০২৪ সালে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বগুড়া জর্জ কোর্টে এ আইনজীবীরা রাষ্ট্রীয় দায়িত্ব পান।
বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের আইন কর্মকর্তাদের মধ্যে যারা পদত্যাগ করেছেন, তারা হচ্ছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত জিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, এপিপি অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ ও অ্যাডভোকেট আতাউর রহমান সবুজ।
জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন লইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সেক্রেটারী অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক, অ্যাডভোকেট আতাউর রহমান সবুজ, অ্যাডভোকেট সাইফুদ্দীন সাইফুল, অ্যাডভোকেট দলিলুর রহমান, অ্যাডভোকেট আল-আমিনসহ আরও অনেকে।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর এপিপি অ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি বলেন, ‘জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। একইভাবে বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান নিয়েও আমি উদ্বিগ্ন। এ ছাড়া ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব জুলাই পূর্ব অবস্থায় ফিরে যাওয়ায় বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।’
‘এ সব ঘটনা সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে, আমার বিবেকের তাড়নায় আমি এ পদে থেকে আমার দায়িত্ব পালন করতে পারছি না, বিধায় পদত্যাগ করলাম।’চ