প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৫:৪৭ পিএম
ড্রাগন ফল বাছাই করছেন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরিনাথপুরে ড্রাগন ফলের হাট বসিয়ে কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে ‘অবৈধ’ভাবে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, হাটে আসা কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ড্রাগন ফলে ২ টাকা এবং ব্যাপারীদের কাছ থেকে ৩ টাকা করে নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতি চালানে ধলতার নামে অতিরিক্ত ৫ কেজি ড্রাগন ফল নেওয়া হয়।
অনুসন্ধানে জানা গেছে, স্বেচ্ছাসেবক দল নেতা ঈসমাইল হোসেন, যুবদল নেতা সোহাগ সরকার, ফারুক হোসেন ও জামায়াত নেতা মসিউর রহমানসহ কয়েকজন এসব টাকা ও পণ্য আদায়ের সঙ্গে জড়িত।
স্থানীয় অনেকর ভাষ্য, গত তিন বছর ধরে গৌরিনাথপুর হাটের পাশে অবৈধভাবে ড্রাগন ফলের হাট বসিয়ে কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি কেজি ৫ টাকা হারে আদায় করছে চক্রটি।
গৌরিনাথপুর সাধারণ হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু অভিযোগ করে বলেন, “গৌরিনাথপুর হাট সরকারি ভাবে ইজারা দিলেও ওই ড্রাগন হাটে আমাদের ইজারা তুলতে দেয় না চাঁদাবাজ চক্র। এ নিয়ে একাধিকবার উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগের কাছে অভিযোগ দিলেও কোনো সুরাহা পাইনি।”
ব্যবসায়ী আব্দুস সামাদ দাবি করেন, “প্রতিদিন ওই হাট থেকে অন্তত ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা ‘চাঁদাবাজি’ করা হচ্ছে। এর সঙ্গে ধলন হিসেবে ৫ কেজি ফল অতিরিক্ত দিতে হচ্ছে।”
তিনি বলেন, “একারণে উৎপাদন ও পরিবহন খরচের পর হাটে এসে আরও একটি বাড়তি খরচের বোঝা বহন করতে হচ্ছে আমাদের। তবে এই হাটের কোনো সরকারি অনুমোদন বা জেলা প্রশাসনের অনুমতি নেই।”
অভিযোগ প্রত্যাখ্যান করে যুবদল নেতা সোহাগ সরকার বলেন, “আমরা হাটে কোনো খাজনা আদায় করছি না। ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে কমিশন নিচ্ছি।”
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, “গৌরিনাথপুর ড্রাগন হাটটি আমাদের জানামতে অবৈধ একটি হাট। উপজেলা বা জেলা প্রশাসনের কাছ থেকে হাটের কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।”
হাটটি পেরিফেরিভুক্ত বা টাকা তোলা বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।