কয়রা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৩:৪২ পিএম
খুলনার কয়রায় কোটি টাকার বেশি বরাদ্দে নির্মাণাধীন সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার কয়রায় কোটি টাকার বেশি বরাদ্দে নির্মাণাধীন একটি সড়কে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
সড়কটিতে নিম্নমানের কাঁচা ইট ব্যবহারের পাশাপাশি পাশ থেকে ড্রেজিং মেশিন বসিয়ে ভূগর্ভস্থ কাদাযুক্ত বালু তুলে সরাসরি কাজে লাগানোর অভিযোগ রয়েছে।
একই সঙ্গে আগের সোলিংয়ের বিপুল পরিমাণ সরকারি ইট গায়েবেরও অভিযোগ উঠেছে।
উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হেরিং বোন বোল্ড (এইচবিবি) সড়কটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সরেজমিনে যে চিত্র দেখা গেল
সম্প্রতি বতুল বাজার এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের একাংশে পোড় কম হওয়া ভঙ্গুর ইট বিছানো হয়েছে। কাজের সময় ট্রাকে করে আরও কয়েক হাজার মানহীন ইট আনা হয়।
শ্রমিকরা সড়কের সাবগ্রেড থেকে কাদাযুক্ত বালু সরিয়ে দুই পাশে জমা করছিলেন। পরে এসব বালু ইটের ফাঁকা জায়গায় ব্যবহারের কথা জানান তারা।
সড়কের পাশেই ড্রেজিং মেশিন দিয়ে অনবরত ভূগর্ভস্থ বালু তোলা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, নিয়মকানুন না মেনে সড়ক ও পরিবেশের ক্ষতি করে এই বালু সরকারি কাজে সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি হারুন অর রশিদ বলেন, নদী, পুকুর বা বিল থেকে এভাবে বালু উত্তোলন করলে পরিবেশের ক্ষতি হয়। এতে আশপাশের জমি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয় এবং দীর্ঘমেয়াদি প্রাকৃতিক ক্ষতি ঘটে।
বালু উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
স্থানীয়দের দাবি, নিয়ম অনুযায়ী বাইরে থেকে মানসম্মত বালু আনার কথা থাকলেও ইউপি সদস্য আবু হাসানের নিয়ন্ত্রণে পাশের একটি মৎস্য খামার থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে।
প্রতি ঘনফুট বালু ১৫ টাকা দরে সরবরাহ করে লাখ লাখ টাকার বাণিজ্য চলছে বলে অভিযোগ তাদের।
সড়কটি নির্মাণের আগে সেখানে পুরোনো ইটের সোলিং ছিল। নিয়ম অনুযায়ী এসব ইট সরকারি সম্পত্তি হিসেবে ইউনিয়ন পরিষদে জমা হওয়ার কথা। তবে অভিযোগ রয়েছে, সেগুলো ইউপি সদস্যের নিয়ন্ত্রণে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে।
ইট নামানোর দায়িত্বে থাকা শ্রমিক শরিফুল ইসলাম জানান, ইউপি মেম্বারসহ স্থানীয় কয়েকজনকে নমুনা দেখানোর পরই এসব ইট আনা হয়েছে।
বালু বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আবু হাসান বলেন, “আমার বোনের জমি থেকে ড্রেজার দিয়ে বালু দেওয়া হচ্ছে। প্রতি ঘনফুটে বোনকে ৯ টাকা এবং ড্রেজার মালিককে ৬ টাকা দেওয়া হয়। বালুর ওপরে সামান্য কাঁদা থাকলেও তা ফেলে দেওয়া হচ্ছে।”
সোলিংয়ের ইট প্রসঙ্গে তিনি দাবি করেন, “ইটগুলো রেজুলেশনের মাধ্যমে স্থানীয় একটি মাদ্রাসার মাঠে সংরক্ষণ করা হয়েছে।”
উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান মো. নূরুল ইসলাম সরদার বলেন, “রাস্তাটি কীভাবে বরাদ্দ হলো, পুরোনো ইট কোথায় গেল বা কোথা থেকে বালু তোলা হচ্ছে- তার কিছুই আমি জানি না। হাসান মেম্বারই এককভাবে সবকিছু করছেন।”
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাজী অ্যান্ড সন্স কর্পোরেশনের প্রতিনিধি শেখ রামিম বলেন, “পুরোনো সোলিং সরাতে দেরি হওয়ায় কাজ দেরিতে শুরু হয়েছে। বাজারে ভালো ইট না পাওয়ায় এবং যাতায়াত খরচ বাড়ায় আমরা লোকসানে আছি। তবে বৃষ্টির কারণে হয়তো বালুতে কিছুটা কাদা মিশে গেছে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে উত্তর বেদকাশী ও মহেশ্বরীপুর ইউনিয়নে মোট দেড় কিলোমিটার এইচবিবি সড়ক নির্মাণে ১ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৭৯০ টাকা বরাদ্দ দেওয়া হয়।
চলতি বছরের ২৮ এপ্রিল কাজ শুরু হয়ে ১০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। মেয়াদ বাড়ানো হয়েছে এবং বর্তমানে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল জাবির বলেন, প্রথমে নিম্নমানের ইট আনায় তা ফেরত পাঠানো হয়েছিল। পুনরায় অভিযোগ পাওয়ায় ঠিকাদারকে লিখিত সতর্কবার্তা দেওয়া হয়েছে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী জানান, ভূগর্ভস্থ বালু উত্তোলনের কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।