× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই-নির্ভর ‘অটো ফাইন’, শনাক্ত হবে ক্যামেরায়

কুমিল্লা অফিস

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১২:০৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই-নির্ভর ‘অটো ফাইন’, কার্যকর হবে আগামীকাল মঙ্গলবার থেকে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই-নির্ভর ‘অটো ফাইন’, কার্যকর হবে আগামীকাল মঙ্গলবার থেকে।

মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’।

আগামীকাল মঙ্গলবার (১৮-০৮-২০২৬) থেকে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তিনির্ভর কার্যক্রম শুরু করবে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানায়, নতুন এ ব্যবস্থায় মহাসড়কে যানবাহনের বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। এর মধ্যে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধভাবে পার্কিং, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত থাকবে।

এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির নম্বর ও অন্যান্য তথ্যের ভিত্তিতে নিবন্ধিত মালিককে শনাক্ত করা হবে। এরপর স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে মামলার তথ্য জানানো হবে। ফলে মহাসড়কে দায়িত্ব পালনরত পুলিশের সদস্যদের প্রতিটি অপরাধের জন্য ঘটনাস্থলে গিয়ে যানবাহন থামানোর প্রয়োজনীয়তা অনেকটাই কমে আসবে।

হাইওয়ে পুলিশ জানায়, এসএমএসে মামলার প্রয়োজনীয় তথ্য ও জরিমানার বিষয়টি উল্লেখ থাকবে। সংশ্লিষ্ট গাড়ির মালিক নির্ধারিত নিয়ম অনুসরণ করে দেশে প্রচলিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। এতে জরিমানা আদায়ের প্রক্রিয়াও হবে দ্রুত ও সহজ।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে আইন প্রয়োগে স্বচ্ছতা বাড়বে এবং মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা আরও জোরদার হবে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ি এ মহাসড়ক দিয়ে চলাচল করে। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অবৈধ পার্কিং এবং উল্টোপথে চলাচলসহ নানা কারণে এ মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়।

বিশেষ করে মহাসড়কের বিভিন্ন অংশে বেপরোয়া গতিতে যানবাহন চালানো দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। এআই ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রমকারী যানবাহন শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া গেলে চালকদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়বে বলে আশা করছে হাইওয়ে পুলিশ।

সংশ্লিষ্টরা মনে করছেন, মহাসড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর ফলে ট্রাফিক আইন প্রয়োগে মানবিক হস্তক্ষেপ কমবে। এতে আইন লঙ্ঘনের তথ্য সংরক্ষণ ও পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী যাচাই করাও সহজ হবে। একই সঙ্গে মহাসড়কে পুলিশের উপস্থিতি ও নজরদারির পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী হবে।

তবে নতুন এ ব্যবস্থা কার্যকর করতে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট তথ্য সঠিক ও হালনাগাদ থাকা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যথায় আইন লঙ্ঘনের তথ্য যথাযথ ব্যক্তির কাছে পৌঁছানো নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানার ব্যবস্থা চালু করা হবে। কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে প্রযুক্তিটির ব্যবহার আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা