× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈকতের ১০ একর সরকারি জমি দখল

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২০:১৩ পিএম

কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ১০ একর সরকারি জমি দখল করে টিন ও বাঁশের ঘেরাও দিয়েছে প্রভাবশালী একটি মহল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ১০ একর সরকারি জমি দখল করে টিন ও বাঁশের ঘেরাও দিয়েছে প্রভাবশালী একটি মহল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ১০ একর সরকারি জমি দখল করে টিন ও বাঁশের ঘেরাও দিয়েছে প্রভাবশালী একটি মহল। গত শুক্র ও শনিবার রাতে এস আলম গ্রুপের বাতিলকৃত প্লটের এই জমি দু-দফায় দখল করা হয়। দখলদার সবাই ক্ষমতাসীন দলের লোকজন। তাদের ভয়ে কেউ মুখ খুলছেন না।

সরেজমিন দেখা যায়, সুগন্ধা পয়েন্টের পশ্চিম এবং সুগন্ধা পয়েন্ট সড়কের উত্তর পাশের জমি সৈকতের লাগোয়া ঝাউবাগান পর্যন্ত টিন ও বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করা হয়েছে।

ছোট ব্যবসায়ী ও হকারদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার মধ্যরাতে ৩০ থেকে ৪০ জন শ্রমিক টিন ও বাঁশ দিয়ে জমিটি ঘেরাও শুরু করে। এক ঘণ্টার মধ্যে তারা ঘেরাওয়ের কাজ শেষ করে। শ্রমিকদের সঙ্গে ১০ থেকে ১২ জন দখলদারও ছিলেন। ঘেরাওয়ের সময় ওই জমিতে দুই শতাধিক ভাসমান দোকান ছিল। শুক্রবার মধ্যরাতে দোকানগুলো সরিয়ে জায়গাটি ঘেরাও করা হয়। এ সময় হকারদের সঙ্গে শ্রমিকদের কথা-কাটাকাটি হয়। 

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি প্রকাশ্যে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হকাররা লাঠিসোঁটা নিয়ে প্রায় ১০০ ফুট দীর্ঘ টিনের বেড়ার এক অংশ ভাঙচুর করে। শনিবার রাতে নতুন করে ওই জমিতে ফের ঘেরাও দেওয়া হয়।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৩ সালে সৈকত সংলগ্ন প্রায় ১৩০ একর সরকারি জমিতে হোটেল-মোটেল জোন গড়ে তোলা হয়। ওই জমিতে ৮৭টি প্লট তৈরি করে তা বিভিন্ন ব্যক্তির নামে বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ না করায় ২০১০ সালে সরকার ৫৯টি প্লটের ইজারা বাতিল করে। পরে ২০১৮ সালে এসব জমি সরকারি খাস খতিয়ানে লিপিবদ্ধ করা হয়।

গত বছর আওয়ামী লীগ নেতা পরিচয়ে ওবাইদুল হাসান ও সচ্চিদানন্দ সেনের দখলে থাকা ২ দশমিক ৩০ একর জমি দখলমুক্ত করে জেলা প্রশাসন। পরে সেখানে সরকারি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। জমিটি এখনও জেলা প্রশাসনের আওতায় রয়েছে। এ ছাড়া এক মাস আগে রাজনৈতিক দলের এক নেতার নাম ব্যবহার করে প্রায় ৫০ শতক জমি দখল করা হয়। তাও পরে দখলমুক্ত করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান বলেন, বাতিল হওয়া এসব প্লট নতুন করে ইজারা দেওয়া আইনগতভাবে বৈধ নয়। দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সায়েম বলেন, সরকারি জায়গা দখলের ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। ওই স্থানের ইজারার পক্ষে কোনো বৈধ নথি থাকলে তা জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে তুলে ধরতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ টিনের বেড়া অপসারণ করতে বলা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি তা সরিয়ে নিতে রাজিও হয়েছিলেন। কিন্তু নির্দেশ অমান্য করে দখল বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা