মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৬:৩৮ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জে এক শিশুকে ধর্ষণ ও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতীকী ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোর এবং ধর্ষণের আলামত নষ্ট চেষ্টা ও ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্টার অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পতনঊষার ইউনিয়নের পূর্ব বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাত ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব বলরামপুর গ্রামের রাহুল আহমেদ রিপন (১৪) এবং ২ নম্বর পতনঊষার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মুমিন (৪০)।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, গত ১৮ জুলাই দুপুরে কমলগঞ্জ উপজেলার পূর্ব বলরামপুর গ্রামের ৮ বছরের এক শিশুকে নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করে একই এলাকার জহির মিয়ার ছেলে রাহুল আহমেদ রিমন।
পরে ঘটনাটি ধামাচাপা দেওয়া, সহযোগিতার অভিযোগ এবং আলামত নষ্ট করার চেষ্টা চালান স্থানীয় ইউপি সদস্য পতনউষার রশিদপুর এলাকার আব্দুল মোমিন (৪০), দাবি স্থানীয়দের।
ঘটনার পর পুলিশি তদন্ত শেষে ১৬ আগস্ট রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিশু রাহুল আহমেদ রিমনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে অভিযুক্ত ইউপি সদস্যকেও গ্রেপ্তার করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "শিশু ধর্ষণের ঘটনা ও আলামত নষ্টের অভিযোগে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
“তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে”, বলেও জানান তিনি।