পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৬:০২ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ১৬:৩৯ পিএম
কক্সবাজারের পেকুয়ায় গোয়ালঘরে থাকা চারটি গরু আগুনে পুড়ে মারা গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের পেকুয়ায় একটি বসতঘর ও গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ সময় গোয়ালঘরে থাকা চারটি গরু আগুনে পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারে দাবি, আগুনে নগদ প্রায় তিন লাখ টাকা, আসবাবপত্র, কাপড়চোপড়সহ পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
এতে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত আবু জাফরের পরিবার।
উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়ায় আবু জাফরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় অনেকের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তারা বলেন, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা বসতঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় পরিবারের সদস্যরা প্রয়োজনীয় মালামাল বের করার সুযোগও পাননি।
এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বসতঘর, গোয়ালঘর ও অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি বলেও জানান তারা।
তাদের অভিযোগ, আগুন লাগার পর ফায়ার সার্ভিসে একাধিকবার ফোন করা হলেও ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই ঘর ও ভেতরে থাকা অধিকাংশ সম্পদ পুড়ে যায় বলেও দাবি করেন তারা।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
ক্ষতিগ্রস্ত আবু জাফরের পরিবারকে দ্রুত সরকারি-বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন প্রতিবেশী ও এলাকাবাসীরা।