মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৫:৩০ পিএম
পাকা ধানের গোছা ও শীষ দিয়ে নিজেকে সাজিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশায় কিশোরগঞ্জ জেলা শহরের জেলখানা মোড়ে আসেন বিএনপি কর্মী মোহাম্মদ রফিক মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রবিবার সকাল থেকেই কিশোরগঞ্জ জেলা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নানা ব্যতিক্রমী আয়োজনের মধ্যে সবার নজর কাড়েন হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা বিএনপি কর্মী মোহাম্মদ রফিক মিয়া। পাকা ধানের গোছা ও শীষ দিয়ে নিজেকে সাজিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশায় জেলা শহরের জেলখানা মোড়ে আসেন তিনি।
ধানের গোছা দিয়ে তৈরি পোশাক ও ব্যতিক্রমী সাজে রফিক মিয়াকে দেখে অনেকেই থমকে দাঁড়ান। পরে তাকে ঘিরে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকে মোবাইলে তার ছবি ও ভিডিও ধারণ করেন।
মোহাম্মদ রফিক মিয়া বলেন, “আমি আমার দলকে অনেক ভালোবাসি। দলের প্রতি ভালোবাসা থেকেই আজ ধান দিয়ে নিজেকে সাজিয়েছি। ধান আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করেই আজকের এই সাজে এসেছি।”
তিনি বলেন, “আজ আমাদের নেতা তারেক রহমান কিশোরগঞ্জে আসছেন। প্রিয় নেতার সঙ্গে দেখা করার অনেক আশা নিয়ে আমি কিশোরগঞ্জে এসেছি। আমার একটাই প্রত্যাশা, আমি যেন আমার নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারি এবং তার সঙ্গে হাত মেলাতে পারি।”
রফিক মিয়া আরও বলেন, “দলের প্রতি আন্তরিক ভালোবাসা থেকেই আমি এভাবে সেজেছি। এটা শুধু আমার ব্যক্তিগত বিষয় নয়, দলের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ।”
তিনি জানান, ধান শুধু কৃষকের জীবিকা ও দেশের কৃষির সঙ্গে জড়িত নয়, গ্রামবাংলার মানুষের জীবন ও ঐতিহ্যের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। তাই প্রিয় নেতার আগমন উপলক্ষে ধানের শীষ দিয়ে নিজেকে সাজানোর পরিকল্পনা করেন তিনি। এর মাধ্যমে নিজের অনুভূতির পাশাপাশি দেশের কৃষি ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে চেয়েছেন।
এদিকে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। পরে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ করেন।
এরপর প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলায় যান। সেখানে তিনি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য নির্বাচিত ১৪ জন উদ্যোক্তার হাতে স্বর্ণপদক তুলে দেওয়ার কথা রয়েছে।
পরে প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। একই সঙ্গে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছের চারা বিতরণ করবেন।
এরপর জেলা সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি ও দুপুরের খাবার শেষে বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
সবশেষে পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বিভিন্ন সড়ক, মোড় ও অনুষ্ঠানস্থলের আশপাশে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে আসা নেতা-কর্মী ও সাধারণ মানুষ ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন।