খুলনা অফিস
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৫:১৬ পিএম
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রবিবার মতবিনিময় সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে খুলনার গুরুত্বপূর্ণ জিরো পয়েন্টকে নজরুল চত্বর হিসেবে ঘোষণা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
খুলনায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর সাড়ে পাঁচ মাসে সরকার প্রায় পাঁচ বছরের সমপরিমাণ কাজ করার চেষ্টা করছে। তবে আগের সরকারের দীর্ঘ শাসনামলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন ও আর্থিক খাতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রবিবার সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিতাই রায় চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনা, খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি প্রমুখ।
নজরুল চত্বর ঘোষণার বিষয়ে মন্ত্রী বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে রাষ্ট্রীয়ভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। খুলনাতেও নজরুলকে ঘিরে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করা হবে।
বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, সংসদে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতি সপ্তাহে একাধিকবার মন্ত্রিসভার বৈঠক হচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের কার্যক্রমের ব্যাপ্তি তুলে ধরে তিনি বলেন, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, গণগ্রন্থাগার অধিদপ্তর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আর্কাইভস ও গ্রন্থাগারসহ প্রায় ২১টি দপ্তর-অধিদপ্তর এ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। পাশাপাশি দেশের পাহাড় ও সমতলে বসবাসকারী প্রায় ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্য নিয়েও কাজ করতে হয়।
তিনি বলেন, নৃগোষ্ঠী আছে ৫০টি। নানান বৈচিত্র্য আমাদের দেশে। এখন এগুলো নিয়ে মন্ত্রণালয়ে কাজ করতে হয়। মন্ত্রী হিসেবে আমাদের রাতদিন পরিশ্রম করতে হয়।
বিগত সরকারের সমালোচনা করে সংস্কৃতি মন্ত্রী বলেন, দীর্ঘ শাসনামলে দেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা, আইন, বিচার, প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, একটা দেশ সম্পূর্ণরূপে একেবারে বিধ্বস্ত হয়ে গেল। শিল্প, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সবকিছু ধ্বংস।
আর্থিক খাতের অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ তুলে নিতাই রায় চৌধুরী বলেন, কয়েকটি কোম্পানির সিন্ডিকেটের মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়া হয়েছে এবং পরে তা বিদেশে পাচার করা হয়েছে। এ প্রসঙ্গে একটি শিল্প প্রতিষ্ঠানের ঋণের বিষয়ও উল্লেখ করেন তিনি। তার দাবি, বিভিন্নভাবে বিপুল অর্থ দেশের বাইরে পাচার হয়েছে।
শিক্ষাব্যবস্থা নিয়েও সমালোচনা করেন তিনি। মন্ত্রী বলেন, পরীক্ষায় শিক্ষার্থীদের প্রকৃত ফলাফল বিবেচনার পরিবর্তে নির্দিষ্ট হারে পাস করানোর প্রবণতা শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।
দেশের তরুণদের একটি অংশকে পরিকল্পিতভাবে মাদকাসক্ত করার অভিযোগ তুলে নিতাই রায় চৌধুরী বলেন, মাদক ব্যবসার সঙ্গে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের কেউ কেউ জড়িত ছিলেন। তিনি বলেন, খুব পরিকল্পিত কিন্তু চক্রান্ত। মাদকদ্রব্য, অবাধ মাদকদ্রব্যের শুরু হলো। সংসদ সদস্য পর্যন্ত, এমপিরা পর্যন্ত সেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়ল।
গত প্রায় ১৮ বছরে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার সংকুচিত করা হয়েছিল বলেও অভিযোগ করেন সংস্কৃতি মন্ত্রী। তার দাবি, দিনের ভোট রাতে নেওয়া হয়েছে এবং এ কাজে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবহার করা হয়েছে।
সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি সার্বভৌম প্রজাতন্ত্র এবং জনগণই রাষ্ট্রের ক্ষমতার মালিক। জনগণ ভোটের মাধ্যমে সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে। নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণ যে দলকে সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছে, সরকার গঠনের ক্ষমতা তাদেরই দিয়েছে। সে অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।
শিক্ষকদের অবসরকালীন সুবিধা ও কল্যাণ তহবিলের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তার দাবি, দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক অবসরকালীন পাওনা থেকে বঞ্চিত ছিলেন। একজন শিক্ষক অবসরে যাওয়ার সময় এককালীন ৪০ থেকে ৪৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা দেওয়া হয়নি। বর্তমান সরকার এসব পাওনা পরিশোধের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী এসে তার একবারে সমস্ত টাকা দিয়ে দিলেন। তো একেই বলে জনগণের প্রধানমন্ত্রী। সভা শেষে দুপুর আড়াইটায় খুলনা নাট্য নিকেতন এবং বিকেল সাড়ে ৩টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী।