রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৫:১০ পিএম
সুরিয়াব কেন্দ্রীয় জামে মসজিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাজহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্তও এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় অনেকেই জানান, সুরিয়াব কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে রউফ মিয়াদের সঙ্গে শরীফ মিয়াদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার এশার নামাজের পর দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
একপর্যায়ে শরীফ মিয়াদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রউফ মিয়াদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে রউফ মিয়াদের লোকজনও পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে বলেও জানান তারা।
সংঘর্ষে রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল ও আবুল হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই অভিযোগ দিয়েছেন। তদন্ত মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”