ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে বোমা সাদৃশ্য বস্তু। ছবি: ভিডিও থেকে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।
উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে শনিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানাসহ দলীয় একাধিক নেতা-কর্মী জানান, রাতে কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। ঘটনার পরপরই স্থানীয়রা সেখানে জড়ো হন এবং দলীয় নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল নিরাপদ করে ভোরে বোমা সাদৃশ্য বস্তু দুটি নিয়ে আসেন। ওসি জানিয়েছেন, এ ঘটনায় কোনও মামলা হয়নি, তবে পুলিশ গভীরভাবে তদন্ত করছে।
এদিকে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড (দাঁদপুর) বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ আগস্ট দিনগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে এ আগুন দেয় বলে অভিযোগ করা হয়েছে।
অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান উল্লাহ জানান, রাতের বেলা স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দেন। পাশের দোকান মালিক শাহেদ আলীর আরও ৩০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।