× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুতা হারানো নিয়ে বিরোধ, হামলায় পশু চিকিৎসক নিহত

চকরিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১২:৪৪ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ১২:৪৫ পিএম

নিহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব। ছবি: সংগৃহীত

নিহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (৩০) মারা গেছেন।

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাকিব বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতডালিয়া পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের ভাষ্য, গত ১৩ আগস্ট লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের জুতা হারানোকে কেন্দ্র করে সাকিবের ভাইয়ের সঙ্গে কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে প্রথম দফায় তার ওপর হামলা চালানো হয়। পরে নিজ এলাকায় ফিরে এলে আবারও হামলার শিকার হন তিনি, জানান প্রত্যক্ষদর্শীরা।

সালিশেও মেলেনি সমাধান

ঘটনাটি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা সালিশে উপস্থিত হননি বলে দাবি স্থানীয়দের।

এরপর ১৫ আগস্ট সকাল ৭টার দিকে কাইফু ও ইমনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র, দা, কিরিচ ও লোহার রড নিয়ে সাকিবের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ সময় বাড়িতে ঢুকে ভাঙচুর ও এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে সাকিবের বাবা ওয়াজ উদ্দিন (৬৫) এবং দুই ভাই আরফাত (২১) ও মোশাররফ (২৪) গুরুতর আহত হন।

আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হলে এশিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্য ও এলাকার অনেকের অভিযোগ, হামলায় কাইফু, ইমন, রোকন, জীবন, জিহানসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, ইমন স্থানীয় এক ইউপি সদস্যের স্বজন হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করতেন।

তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও দাবি করা তারা তবে এসব অভিযোগের স্বতন্ত্র যাচাই সম্ভব হয়নি।

সাকিবের মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্বজন ও স্থানীয়রা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে তারা অবগত রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা