হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১২:০১ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ১২:০৯ পিএম
কালভার্ট না থাকায় পানির মধ্য দিয়ে সাইকেল কাঁধে নিয়ে পার হচ্ছেন এক ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামে পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে নেওয়া কালভার্ট নির্মাণ প্রকল্প তিন অর্থবছরেও বাস্তবায়িত হয়নি।
প্রকল্পের আওতায় ৯টি সেতু/কালভার্ট নির্মাণের কথা থাকলেও ৮টির কাজ শেষ হয়েছে। তবে গতিয়াশাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে নির্ধারিত ৪ দশমিক ২৬ মিটার আরসিসি কালভার্টটির নির্মাণকাজ এখনো শুরু হয়নি।
এতে পাঁচ গ্রামের মানুষসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী দুর্ভোগে পড়েছে।
তথ্য-উপাত্ত অনুযায়ী, কালভার্টটি নির্মাণে ২০২৩-২০২৪ অর্থবছরে ১৯ লাখ ৪৩ হাজার ৭৭০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২৪ সালের ১৮ মার্চ দরপত্র আহ্বানের পর ঠিকাদার মো. নূর আলম মিয়ার সঙ্গে ২ কোটি ২ লাখ ২৩ হাজার ৩৩৮ টাকায় চুক্তি হয়।
প্রকল্পের কাজ শুরুর কথা ছিল ১৪ মে ২০২৪। এরপর দুই বছর দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও গতিয়াশামের কালভার্টটির নির্মাণকাজ শুরু হয়নি।
স্থানীয় অনেকের অভিযোগ, প্রায় দেড় বছর আগে পুরোনো কালভার্টটি ভেঙে ফেলার পর ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ করে চলে যায়। ফলে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই যাতায়াতপথে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, “এটি আমাদের যাতায়াতের একমাত্র পথ। আমরা কৃষক মানুষ। আমাদের জমি রাস্তার ওপারে। জমির কাজ করতে ওপারে যেতে হয়। মেম্বার-চেয়ারম্যানকে বলেছিলাম, তবুও কোনো ব্যবস্থা নেয়নি।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান জানান, পুরো প্রকল্প শেষ না হলেও এরই মধ্যে ১ কোটি ৮২ লাখ ৮০ হাজার ১০০ টাকা অর্থছাড় হয়েছে।
তবে গতিয়াশামের কালভার্টটির কাজের অগ্রগতি ও এর বিপরীতে অর্থছাড়ের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
সাব-ঠিকাদার আমজাদ হোসেন কাজটি করছেন বলে জানা গেছে। ঠিকাদার মো. নূর আলম চলতি বছরের নভেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা জানিয়েছেন।
বিলম্বের কারণ জানতে চাইলে পিআইও মো. আসাদুজ্জামান বলেন, “এই ঠিকাদার অনেক কাজ পেয়েছে, এজন্য কাজটি শেষ করতে বিলম্ব হচ্ছে।”
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে সম্প্রতি তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন।