কয়রা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১১:৪১ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ১১:৪১ এএম
এমভি আলফাডাঙ্গা প্রাইড জাহাজের ক্রু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুন্দরবনের আংটিহারা এলাকায় শাকবাড়িয়া নদীতে পড়ে যাওয়া এমভি আলফাডাঙ্গা প্রাইড নামের একটি বাণিজ্যিক জাহাজের এক ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বিষয়টি রবিবার সকালে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসে বাণিজ্যিক জাহাজ ‘এমভি আলফাডাঙ্গা প্রাইড’।
এদিন দুপুর ১২টার দিকে সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে জাহাজের আপার ডেকে কাজ করছিলেন ওই ক্রু। এ সময় দুর্ঘটনাবশত তিনি নদীতে পড়ে যান।
ঘটনাটি রুটিন টহলে থাকা কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দলের নজরে আসে। পরিস্থিতি বুঝতে পেরে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।
পরে নদী থেকে ওই ক্রুকে জীবিত উদ্ধার করা হয় এবং নিরাপদে নিজ জাহাজে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা জানান, উপকূলীয় নদীপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের সেবায় কোস্ট গার্ডের এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।