খুলনা অফিস
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২২:৩১ পিএম
রূপসা থানা। ছবি: মাহফুজ
খুলনায় জয় ঢালি নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয় ঢালিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখম হয়, বিশেষ করে গলা ও পায়ে একাধিক কোপ দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় জয়কে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে উত্তেজনাও দেখা দেয়।
এদিকে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পূর্বশত্রুতা, বিরোধ কিংবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা যাচ্ছি, এখনও স্পটে পৌঁছাতে পারিনি।’
হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ।