× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে আটক ১২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২২:৩১ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ২২:৩১ পিএম

১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের খুলনা নগরীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ ও সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগে ৭ জনকে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের খুলনা নগরীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ ও সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগে ৭ জনকে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ ও সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার দেশের বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ

খুলনা: ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নামে নগরীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ ও সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। তারা হলেনÑ আলী হোসেন, ইমন, আশরাফুল ইসলাম, আব্দুস সামাদ ও মো. রনি সরদার।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর পশ্চিম বানিয়াখামার পুরাতন গল্লামারী রোডের পশু হাসপাতালের সামনে কয়েকজনকে জড়ো করে খাবার বিতরণের অভিযোগে ৫ জনকে আটক করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বিভিন্ন স্থানে খাবার বিতরণের অভিযোগে যুবলীগের দুই কর্মী পারভেজ হাসান (২৯) ও মো. সাব্বির হোসেন সৈকত (২৮) আটক করে পুলিশ। 

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে আগের কর্মসূচির স্মৃতি জাগিয়ে তোলা এবং সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার অপচেষ্টা হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। খাবার বিতরণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে কার্যক্রম ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম: শনিবার  চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন প্রান্তে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ব্যানারে একের পর এক কর্মসূচি পালিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় এসব কর্মসূচি পালিত হয় বলে সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে। খাবার বিতরণ থেকে শুরু করে পোস্টারিং, দোয়া মাহফিল, মিলাদ ও বৃক্ষরোপণ নানা আয়োজনে সরব ছিল ছাত্রলীগের বিভিন্ন ইউনিট। 

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিষয়গুলো আমাদের নজরে আসেনি। এলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করতাম। 

ঝিনাইদহ: জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দারকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে দলীয় নেতাদের সক্রিয় করার চেষ্টা করছিলেন নায়েব আলী। এমন খবরের প্রেক্ষিতে শৈলকুপা থানা পুলিশের বিশেষ টিম তাকে আটক করে।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন বলেন, ১৫ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। ওই সময় এমন কোনো ঘটনা ঘটেনি। তবে ১৪ আগস্ট বিকাল পৌনে ৫টা থেকে ৫টার দিকে এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে ফোন করে ১৪ ই আগস্ট বিকাল সাড়ে চারটা হতে পাঁচটার মধ্যে খাবার বিতরণের বিষয়টি ফোন করে জানিয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রোধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

ভেড়ামারা (কুষ্টিয়া): ১৫ আগস্ট উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টার অভিযোগে উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। ভেড়ামারা থানার ওসি মুহম্মদ জাহেদুর রহমান বলেন, তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। 

হাওরাঞ্চল: সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রবি মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নেছারাবাদ (পিরোজপুর): সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সাব্বির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা