প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২২:০৫ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের পাঁচ জেলার বিভিন্ন উপজেলার সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু ও ৩ জন আহত হয়েছেন। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামে সোনালী ব্যাংকের সাবেক এক প্রিন্সিপাল অফিসারসহ দুজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ও শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ওই এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জালকুড়ি তালতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আজিজুল হককে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় মো. মজিবুর রহমান (৫১) নিহত হয়েছেন। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সিটির ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারপাসের দক্ষিণ পাশে চাষাঢ়া থেকে সাইনবোর্ডগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম (নাটোর): সড়ক দুর্ঘটনায় শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত নাজমুল হোসেন (৩৫) নাটোরের বড়াইগ্রামের সাদেক মন্ডলের ছেলে। এর আগে গত ৮ আগস্ট বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় ২ জন। পরের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন এবং শনিবার দুপুরে সর্বশেষ নাজমুলের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার এ্যাকটিং অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী একটি ভুটভুটির সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী আরআর ট্রাভেলস নামক একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি আটক করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে। পলাতক চালককে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরের পর উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল (৫০) এবং সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫০)। হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিজিবি সেক্টর হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী।
নিহত শুদ্ধ অং মারমার (৪০) রামগড়ের পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়ার বাসিন্দা। গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে ইঞ্জিনভ্যান ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামের এক তরুণ নিহত হয়েছেন। শনিবার দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের মোমরেজপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাইদখালী গ্রামের আব্দুস সবুর গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন, রায়হান একটি ইঞ্জিনভ্যানে কালিগঞ্জ থেকে নলতার দিকে যাচ্ছিলেন। মোমরেজপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হঠাৎ ট্রাকের ধাক্কায় তিনি ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় অপর একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।