জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২১:৪৪ পিএম
জয়পুরহাট সরকারি কলেজের মাঠে চলমান ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় অধ্যক্ষের কার্যালয়ে হামলা ভাঙচুর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাট সরকারি কলেজের মাঠে চলমান ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায়, তারই ক্ষোভ থেকে খেলা বন্ধের দাবিতে অধ্যক্ষের কার্যালয়ে হামলার করা হয়েছে। শনিবার দুপুরে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
কলেজের শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, গত ১৩ আগস্ট সকালে কলেজ মাঠে জুলাই-আগস্ট স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। খেলাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। ১৬টি বিভাগের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ৯টায় উদ্ভিদবিদ্যা ও মানবিক-ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১১টায় রসায়ন ও ব্যবস্থাপনা বিভাগের মধ্যে খেলা চলাকালীন হট্টগোল ও হামলার ঘটনা ঘটে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম শফিকুল ইসলাম বলেন, কয়েকজন ছাত্র এসে আমার সঙ্গে কথা বলতে চান। তখন আমার সঙ্গে সহকর্মী কজন শিক্ষকও ছিলেন। ছাত্ররা আমার সঙ্গে একা কথা বলতে চান। আমি বললাম, ঠিক আছে। তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছি, এমন সময় দেখি, এক ছাত্র ঝাড়ু হাতে নিয়ে ঢুকছে। বাইরে দাঁড়ানো শিক্ষকরা এ নিয়ে জিজ্ঞেস করলে হট্টগোল শুরু হয়। ওই সময় আমি বাইরে চলে যাই। এর মধ্যে ভাঙচুর শুরু হয়।
এদিকে হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জিএম আরেফিন। তিনি বলেন, আমরা কয়েকজন অধ্যক্ষ স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এ সময় কয়েকজন শিক্ষক ও ছাত্রলীগের লোকজন আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। কলেজে এখনও আওয়ামী লীগের দোসর ও গুপ্ত শিবিররা প্রশাসনিক দায়িত্বে রয়েছে। আমাদের দাবি- আগামী সাত দিনের মধ্যে তাদেরকে সব অভ্যন্তরীণ বিষয়ে কলেজ থেকে বিতাড়িত করতে হবে।
অপরদিকে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ আলী বলেন, স্যাররা আমাদের দাওয়াত দেননি। রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কোনও আনুষ্ঠানিক দাওয়াত না থাকলেও স্যারেরা বলেছিলেন ছাত্র হিসেবে খেলা উপভোগ করতে। আজ খেলা চলার সময় আমাদের এক ভাই খেলা দেখছিল। হঠাৎ অধ্যক্ষ স্যারের কক্ষের গ্লাস ভাঙার শব্দ শুনে তিনি এগিয়ে গেলে তাকে মারধর করা হয়।
জয়পুরহাট থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।