× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২১:০৬ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ২১:১৯ পিএম

উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সংসদ সদস্য আমির হামজার সমর্থকদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুর হয়েছে।

শহরের ছয়রাস্তা মোড় এলাকায় শনিবার সন্ধ্যায় সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় এবং জেলা শাখার সভাপতি আব্দুল খালেকের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে উভয় পক্ষ দাবি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমির হামজার বক্তব্যের প্রতিবাদে শনিবার বিকালে শহরের ছয়রাস্তা মোড়ে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশস্থলের কাছেই আমির হামজার বাসভবন।

সমাবেশ শেষের দিকে পুলিশ প্রটোকল নিয়ে আমির হামজা বাড়ি ফেরার সময় তার গাড়ি সমাবেশস্থলের কাছ দিয়ে যাওয়ার পর গাড়িতে থাকা সমর্থকদের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

গণঅধিকার পরিষদের নেতা তৌকির আহমেদ অভিযোগ করে বলেন, “আমরা শান্তিপূর্ণ সমাবেশ শেষে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় আমির হামজার সমর্থকেরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়”।

অন্যদিকে আমির হামজার দুই কর্মী অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই প্রথমে হামলা চালান। তারা আত্মরক্ষার্থে প্রতিরোধ করেছেন। তাদের দাবি, হামলায় তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন।


পরে মাগরিবের নামাজের সময় আমির হামজার বাড়ি থেকে একদল সমর্থক লাঠিসোঁটা ও বেসবল ব্যাট নিয়ে শহরের হাইস্কুল মার্কেট এলাকায় গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় কার্যালয়ে ভাঙচুর করা হয়।

ঘটনার ছবি তুলতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপরও হামজা সমর্থকেরা চড়াও হন বলে অভিযোগ করেছেন কয়েকজন। তারা সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেন এবং ছবি তুললে দেখে নেওয়ার হুমকি দেন।

এরপর হামজা সমর্থকেরা মিছিল নিয়ে ছয়রাস্তা মোড়ের হরিপুর ব্রিজসংলগ্ন এলাকায় গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি আব্দুল খালেকের কার্যালয়ে গিয়ে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে সংঘর্ষের সময় পুলিশকে ঘটনাস্থলে নীরব অবস্থানে দেখা গেছে বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

তবে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, “উত্তেজনা প্রশমিত করতে পুলিশ দুই পক্ষকেই থামানোর চেষ্টা করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা