× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

সিলেট প্রতিবদেক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৯:৪৭ পিএম

তিনটি পাতিল ও তিনটি বড় দানবাক্স খোলার পর সকাল সাড়ে ১০টা থেকে ৩০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে শুরু হয় টাকা গণনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিনটি পাতিল ও তিনটি বড় দানবাক্স খোলার পর সকাল সাড়ে ১০টা থেকে ৩০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে শুরু হয় টাকা গণনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তৃতীয়বারের মতো খোলা হলো সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে। ৩৪ দিন পর খুলে এবার দানবক্সে মিলেছে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এর সঙ্গে পাওয়া গেছে স্বর্ণ, রৌপ্য এবং বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা।

এ ছাড়া নজরানা হিসেবে মাজারে দেওয়া গরু-ছাগল ও হাঁস-মুরগিরও তথ্য পাওয়া গেছে।

এক মাস চার দিন পর শনিবার তৃতীয়বারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্সের অর্থ গণনা করা হয়। সকাল ১০টার দিকে দানবাক্স ও দানের পাতিলগুলোর সিলগালা খোলার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। তিনটি পাতিল ও তিনটি বড় দানবাক্স খোলার পর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় টাকা গণনা। এতে অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন।

দিনভর গণনা শেষে বিকেলে পাওয়া অর্থ ও সামগ্রীর হিসাব তুলে ধরেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তার দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার বাইরে দানবাক্সে ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রৌপ্য পাওয়া গেছে।

বিদেশি মুদ্রার তালিকায় রয়েছে ৩১ দশমিক ১১ পাউন্ড, ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি, ৭০ সৌদি রিয়াল, ৮৩ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ১ হাজার ওমানি বায়সা, ৬৪ আরব আমিরাতের দিরহাম, ২৫০ ইরাকি দিনার, ৯০ তুর্কি লিরা, ১ হাজার ভিয়েতনামি ডং, ১ হাজার জাপানি ইয়েন, ১১২ কাতারি রিয়াল, ১০ লেবানিজ পাউন্ড, ১০ মিসরীয় পাউন্ড, দশমিক ৪০ ইউরো, ১ বাহরাইনি পয়সা এবং ১ কানাডিয়ান ডলার।

মাজারের অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের পরবর্তী পরিকল্পনার কথাও জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, “আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি নীতিমালা তৈরির কাজ চলছে। স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে কয়েকজনকে নিয়ে এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। অচিরেই নীতিমালা চূড়ান্ত করা হবে এবং এরপর সেই নীতিমালা অনুযায়ী দানবাক্সের টাকা গণনা ও ব্যবস্থাপনা করা হবে”।

শনিবারের গণনায় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মাজারের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি সামনে আসে চলতি বছরের ১২ জুন। ওই দিন হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শন করেন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

এর ধারাবাহিকতায় ১৮ জুন দানের পাতিলে সিলগালা এবং নতুন দানবাক্স বসানো হয়। এ নিয়ে স্থানীয় প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের মধ্যে টানাপড়েন তৈরি হয়।

বিষয়টি প্রকাশ্যে এলে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেয় সরকার। যদিও প্রশাসনের পক্ষ থেকে এটিকে ‘রুটিন বদলি’ বলা হয়েছিল।

এরপর মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ী স্বচ্ছতা আনার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ২৬ জুন সিলেট সার্কিট হাউসে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

নতুন দানবাক্স স্থাপনের চার দিন পর, ২২ জুন প্রথমবার তা খুলে গণনা করা হয়। তখন নগদ পাওয়া যায় ১৭ লাখ ৫৪৯ টাকা।

প্রথম গণনার ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয়বার দানবাক্স খোলা হয়। সেবার পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। দ্বিতীয় দফার গণনাতেও একাধিক দেশের মুদ্রাসহ বিভিন্ন সামগ্রী পাওয়া গিয়েছিল।

সবশেষ শনিবার তৃতীয় দফায় গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা