ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৯:৩৫ পিএম
ঈশ্বরদী পৌর শহরের ভাটাপাড়া এলাকায় বিএনপির নেতার কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে নিজেদের পাওনা টাকা ফেরত চেয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার ঈশ্বরদীতে একাধিক ব্যক্তির কাছ থেকে বাড়তি মুনাফা দেওয়ার প্রলোভনে প্রায় ২৫ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন এক নারী প্রতারক। তবে সেই টাকা তুলে দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের ডেকে ব্যক্তিগত স্বার্থলুটের উদ্দেশ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক গালাগালির অভিযোগ উঠেছে জুবায়ের হোসেন বাপ্পী নামে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় বিএনপির ওই নেতার এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে নিজেদের পাওনা টাকা ফেরত চেয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার বিকালে পৌর শহরের ভাটাপাড়া এলাকায় এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন ক্ষুব্ধ এলাকাবাসী। ভুক্তভোগীদের দাবি তাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস এবং তাদের দুর্বলতার সুযোগে স্থানীয় বিএনপির এই নেতা ক্যামেরার সামনে নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছেন। যার কারণে তারা চরমভাবে হেয়ো প্রতিপন্ন হচ্ছেন। আর এ কারণেই তারা ক্ষোভ প্রকাশ করে পাওনা টাকা ফেরত ও বিএনপি নেতা বাপ্পীর এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন।
জানা গেছে, পৌর শহরের ভাটাপাড়া এলাকায় তাজমিন নামে এক নারী বাড়তি মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক নারী-পুরুষের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেন।
এ ঘটনায় মোছা. তাসলিমা পারভিন, লাকী খাতুন ও পিয়া বেগমসহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, টাকা ফেরত পাওয়ার আশায় সভায় গিয়ে রাজনৈতিক বক্তব্যের কারণে তারা পারিবারিক ও সামাজিকভাবে হেয়ো প্রতিপন্ন হচ্ছেন। তাদের ব্যক্তিগত প্রয়োজন ও পাওনা টাকার বিষয়টিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এ ব্যাপারে বিএনপি নেতা জুবায়ের হোসেন বাপ্পীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে ঝাড়ু মিছিল করা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক চাল এবং যারা ঝাড়ু মিছিল করেছে তারা ভুক্তভোগী কেউ নন, তাদের ভাড়া করে এনে এ কাজটি করানো হয়েছে। প্রকৃত ভুক্তভোগীরা এখনও আমার সামনে বসে আছে। আমি সেদিন যারা ভুক্তভোগী এবং যারা অভিযুক্ত তাদের উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। এর মধ্যে অভিযুক্ত মায়া নামের এক মহিলা ছিল, যার পক্ষ থেকে পিন্টু বাহিনী একদল সন্ত্রাসী আমার বাসায় এসে বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে গেছেন। মূলত এ কারণেই আমি সাংবাদিকদের ডেকে বিষয়গুলো উপস্থাপন করেছি।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, ঘটনাটি ফেসবুকে দেখেছি। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।