× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদামাটা আয়োজন

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন রবিবার

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৯:২১ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১৯:২২ পিএম

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে এবার যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেই কোনো তোরণ, পোস্টার, ব্যানার কিংবা ফেস্টুন। এমন সাদামাটা আয়োজনকে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের নজির হিসেবে দেখছেন স্থানীয় সচেতন নাগরিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে এবার যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেই কোনো তোরণ, পোস্টার, ব্যানার কিংবা ফেস্টুন। এমন সাদামাটা আয়োজনকে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের নজির হিসেবে দেখছেন স্থানীয় সচেতন নাগরিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল রবিবার কিশোরগঞ্জ সফরে আসছেন তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন তিনি। দিনব্যাপী এ সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ব্যক্তির অনুদান ও সম্মানী প্রদানসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে দেখা গেছে ব্যতিক্রমী এক চিত্র। সাধারণত কোনো জাতীয় নেতার সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজসজ্জা করা হয়। তবে প্রধানমন্ত্রীর এবারের সফরের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেই কোনো তোরণ, পোস্টার, ব্যানার কিংবা ফেস্টুন। দলীয় নেতাকর্মীদের ব্যাপক আনুষ্ঠানিকতা ও প্রদর্শনীর পরিবর্তে এমন সাদামাটা আয়োজনকে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের নজির হিসেবে দেখছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত সপ্তাহে শোলাকিয়া সড়কে একাধিক তোরণ নির্মাণের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি তোরণসহ এ ধরনের প্রদর্শনমূলক আয়োজন না করার জন্য কঠোর নির্দেশনা দেন। এরপরই তোরণ নির্মাণের উদ্যোগ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ব্যানার ও ফেস্টুনের ক্ষেত্রেও নেওয়া হয় নিরুৎসাহিত করার সিদ্ধান্ত।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি সনাকের সদস্য ও মুক্তিযোদ্ধা আবদুল গণি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর এই শহরে কোনো দলের কেন্দ্রীয় নেতা এলে যেখানে একাধিক তোরণ নির্মাণ করা হতো, সেখানে বর্তমান প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সফরেও কোনো তোরণ নির্মাণ না হওয়া নিঃসন্দেহে নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দেয়।

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, রাজনৈতিক নেতাদের সফরকে কেন্দ্র করে অতিরিক্ত তোরণ, ব্যানার ও ফেস্টুন নির্মাণের সংস্কৃতি দীর্ঘদিনের। এতে একদিকে যেমন বিপুল অর্থ ব্যয় হয়, অন্যদিকে নগরের সৌন্দর্যও নষ্ট করে। সে জায়গায় প্রধানমন্ত্রীর সফরে এমন আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি তদারকি করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সব স্তরের সরকারি কর্মকর্তা এবং আমাদের দলীয় নেতাকর্মীরা মিলে কাজগুলো সম্পন্ন করছি, যাতে প্রধানমন্ত্রীর সফর সুন্দরভাবে সম্পন্ন হয়।’ কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা