কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৮:০৬ পিএম
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। ছবি: রাসেল মিয়া
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্যের জেরে সংঘর্ষে অন্তত ৯ শিক্ষার্থী আহত হয়েছেন।
জেলাভিত্তিক আঞ্চলিক সংগঠনের বিরোধকে কেন্দ্র করে ইনস্টিটিউট চত্বরে শুক্রবার রাতে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট কক্সবাজার জেলার শিক্ষার্থীদের নিয়ে একটি প্রীতি কর্মসূচির আয়োজন করে ‘কক্সবাজার ফোরাম’। সেই কর্মসূচিকে কেন্দ্র করে চট্রগ্রাম জেলার শিক্ষার্থী ও অটোমোবাইল বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. জাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দেন। পরবর্তীতে পোস্টটি কক্সবাজার জেলার শিক্ষার্থীদের নজরে এলে তারা বিষয়টি শিক্ষক মো. ইকবাল হোসেন সাঈদকে জানান।
ওই শিক্ষক অভিযুক্ত শিক্ষার্থীকে পোস্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অন্য শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানান। এর জেরে গত ১৪ আগস্ট রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ওটিজি/সিটিজি ফোরাম ও কক্সবাজার ফোরামের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষের ৯ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন ওটিজি/সিটিজি ফোরামের শিক্ষার্থী তারেক, মুনতাকিম, মেহেরাব হোসেন, আদিত্য, জাহিদ, হাসান এবং কক্সবাজার ফোরামের শিক্ষার্থী তৌসিফ, আবিদ ও ইমরান।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে একদল পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।
এ ছাড়া কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলেও জানান ওসি রুবেল।
অন্যদিকে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর মো. রহমত উল্লাহ জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের মধ্যে দুই শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।