লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৭:০৪ পিএম
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে শনিবার দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল (৫০) এবং সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।
আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা একটি ট্রাক সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় বিপরীত দিক থেকে বড়খাতা হয়ে আসা একটি অটোরিকশাকে সজোরে চাপা দেয়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় অটোরিকশায় থাকা এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান সরকার দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।