কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৪:৫৬ পিএম
বিস্ফোরণের পর মাদরাসা পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।
গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার সেলিম তালুকদারের মেয়ে আবিদা আক্তার (১১), পশ্চিম মিনাজদী এলাকার ছিরাতুল তালুকদারের মেয়ে জান্নাত (১২), গোপালপুর এলাকার রুবেল মাতুব্বরের মেয়ে তাসমিয়া আক্তার (১১), একই এলাকার শাহিন সরদারের মেয়ে মিনহা (১১) ও আরিফ সরদারের মেয়ে সুলতানা (১১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদরাসার ভেতরে নিচতলায় একটি ঘরের সামনে হঠাৎ একটি বোমা বিস্ফোরণ হয়। এতে মাদরাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন।
খবর পেয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
যে ঘরের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ওই ঘরে থাকেন ইমন সরদার নামের এক ব্যক্তি। তিনি বলেন, “আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরণ হলো, আমি জানি না।”
মাদরাসার মাহতামিম হাফিজুর রহমান জানান, তার মাদরাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, “মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।”