× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তদন্ত কমিটি গঠন

ফেনীতে ২৬টি দলিল রেজিস্ট্রিতে জাল-জালিয়াতি

আবদুল্লাহ আল-মামুন, ফেনী

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৪:২৫ পিএম

ফেনী সাব রেজিস্ট্রি অফিস। ফাইল ছবি

ফেনী সাব রেজিস্ট্রি অফিস। ফাইল ছবি

ফেনীতে দীর্ঘদিন ধরে সাব রেজিষ্ট্রি অফিসে জাল দলিল রেকর্ড, জমির শ্রেণি পরিবর্তন করে নিবন্ধনসহ নানা অনিয়ম করে যাচ্ছে একটি শক্তিশালী সিন্ডিকেট। 

এতে সুফলভোগীরা নানা হয়রানির শিকার হওয়ার পাশাপাশি সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। এমন কর্মকান্ডের অভিযোগে ফেনী সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক শহীদ উল্লাহ খোকন (লাইসেন্স নং: ৬৩/০৭) ও তার ছেলে শাহাদাত হোসেনের বিরুদ্ধে সম্প্রতি তদন্ত কমিটি গঠন করেছেন ফেনী জেলা রেজিষ্ট্রার আবদুর রহমান মুহাম্মদ তামিম।

ভুক্তভোগীদের অভিযোগ ও শোকজপত্রের সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত সেবা দিয়ে আসছেন ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের চর মধুয়াই গ্রামের শহীদ উল্লাহ খোকন ও তার ছেলে শাহাদাত হোসেন।

গত ২০ জুলাই সেবাগ্রহিতা জাহিদুল আলম নামের এক ব্যক্তির দলিল লেখক খোকন ও শাহাদাতের বিরুদ্ধে জেলা রেজিষ্ট্রারের কাছে একটি অভিযোগ দেন।

ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ভুক্তভোগী একটি দলিল নিবন্ধনের জন্য গত বছরের ৫ আগস্ট খোকন মুহুরীর কাছে আসি। যাবতীয় কাগজপত্র দেখে খোকন মুহুরী ও তার ছেলে শাহাদাত আমাকে সরকারি পে-অর্ডারের বাইরে ১ লাখ ৫৩ হাজার টাকা অতিরিক্ত দাবী করেন। বিষয়টি আমার কাছে সন্দেহ হলে আমি অন্য মুহুরীর কাছে গিয়ে যাছাই করি। পরে আমি নিশ্চিত হই যে, খোকন এবং শাহাদাত আমার কাছ থেকে প্রতারণা করতে অতিরিক্ত দেড় লাখ টাকা চেয়েছিল। বিষয়টি বুঝতে পেরে আমি অন্য দলিল লিখকের মাধ্যমে আমার জমির নিবন্ধন করি। 

শুধু তাই নয়। খোকন এবং তার ছেলে শাহাদাতের বিরুদ্ধে দলিল জাল-জালিয়াতির অভিযোগ এনে হায়দার আলী শাহরিয়ার নামের আরেক ভুক্তভোগী জেলা রেজিষ্ট্রারের কাছে অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগ পত্রে বেশ কিছু দলিলের নাম্বার উল্লেখ করে তিনি খোকন এবং শাহাদাতের বিরুদ্ধে ভূমির শ্রেণি পরিবর্তন, রাজস্ব ফাঁকিসহ নানা অভিযোগ তুলে ধরে তদন্ত দাবী করেন। একই সঙ্গে অভিযুক্ত বাবা-ছেলের অবৈধ সম্পদের উৎস্যের সন্ধানের জন্য অনুরোধ জানান।

জেলা রেজিষ্ট্রার অফিস জানায়, দলিল লিখক শহিদ উল্লাহ খোকন ও তার ছেলে শাহাদাত হোসেনের বিরুদ্ধে একাধিক সেবাগ্রহীতার অভিযোগের পরিপ্রেক্ষিতে পরশুরাম সাব রেজিষ্ট্রার প্রবাল কৃষ্ণ সাহাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৬ আগস্ট গঠন করা ওই কমিটিকে আগামি এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা রেজিষ্ট্রার আব্দুর রহমান মুহাম্মদ তামিম। 

তদন্তের আদেশ পত্রে উল্লেখ করা হয়, দলিল লিখক শহিদ উল্লাহ খোকন ও তার ছেলে শাহাদাত হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, ফেনী সদর সাব রেজিষ্ট্রি অফিসের ২০১৮ সালের দলিল নং- ৫৪৮৯, ৫১৭৬, ৬৩৫১, ৬৯৪৮ ও ২০১৯ সালের দলিল নং- ১০২, ২৮৩, ৩৬০, ১২৩১, ৩১৬৭, ৩১৬২ এবং ২০২০ সালের দলিল নং- ৩৬৭৬, ৫৫৪২, ৬১২৩, ২০২১ সালের দলিল নং- ৭৩৬, ৭৫৮, ৯৩৭, ১১৬৬, ১৬৭৬, ২২৬৫, ২৩৯৬, ২৬০৬, ২৮৫৮, ৩২৪৪, ৩৭৪১,৩৯১২, ৪০৯৫ দলিলগুলো সহিমুহুরী নকল, খাজনা দাখিলার সঙ্গে ওই সময়ের ব্যবহৃত এসএ এবং বিএস পর্চা পর্যালোচনা করে বর্ণিত দলিল সগুলোর শ্রেণীর সঙ্গে মিল রেখে সরকারী রাজস্ব আদায় হয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত করার জন্য তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়। আগামি সেপ্টেম্বর মাসের ৬ তারিখের মধ্যেই তদন্ত প্রতিবেদন জেলা রেজিষ্ট্রারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

এ বিষয়ে অভিযুক্ত শহিদ উল্লাহ খোকনের ছেলে শাহাদাত হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে কে, কখন, কি অভিযোগ দিয়েছে কিছুই জানি না। অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা আমার কাছে কিছু জানতে চায়নি। দলিল লেখক সমিতির নিয়ম মেনেই সেবাগ্রহীতাদের থেকে আমরা ফিস আদায় করে থাকি। এখানে বাড়তি টাকা আদায়ের কোন সুযোগ নেই।

এ বিষয়ে জানতে চাইলে শহিদ উল্লাহ খোকন অভিযোগ অস্বীকার করে বলেন, সম্প্রতি রেজিস্টার স্যারের সঙ্গে আমার রাগারাগি হয়েছে। এ কারণে তিনি এসব করছেন। আমি ৩৬ বছর যাবত দলিল লিখছি, কেউ এরকম অভিযোগ কখনও দিতে পারেনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা