উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৪:০৩ পিএম
উজিরপুরের হাওলাদারের বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাতলা-চেরাগ আলী-ধামুরা সড়কের পাশে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের উজিরপুরে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে নিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগ আলী বাজার এলাকায় শুক্রবার দিবাগত গভীর
রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, ১৫ আগস্টকে কেন্দ্র
করে আতঙ্ক সৃষ্টি ও রাজনৈতিকভাবে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়ে থাকতে
পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, চেরাগ আলী বাজারের মোটর মেকানিক মোহাম্মদ রিপনের
গ্যারেজে মেরামতের জন্য একটি মোটরসাইকেল রাখা ছিল। শুক্রবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা
গ্যারেজের দরজা খুলে মোটরসাইকেলটি বাইরে বের করে নিয়ে যায়।
ওটরা বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন হাওলাদারের বাড়ি সংলগ্ন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাতলা-চেরাগ আলী-ধামুরা সড়কের পাশে মোটরসাইকেলটিতে আগুন
ধরিয়ে দেওয়া হয়। আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এ ঘটনায় ওটরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান টুলু
মোল্লা বলেন, ১৫ আগস্ট উপলক্ষে ইউনিয়ন যুবলীগের নেতা মেহেদী হাসান ও মোজাম্মেল হোসেন
নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্টার ও ফেস্টুন পোস্ট করেছেন।
তার দাবি, এর পরিপ্রেক্ষিতেই
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আতঙ্ক সৃষ্টি ও ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে রাতের
আঁধারে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে তার এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রত্যক্ষ
প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম
বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো
ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না।
মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তিনি বলেন, চুরির করে গ্যারেজ
থেকে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পায়নি।
ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল
ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।