১৫ আগস্ট ঘিরে খাবার বিতরণ করায় গ্রেপ্তার ও আটক সাতজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নামে নগরীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করে সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগে পৃথক ঘটনায় সাতজনকে গ্রেপ্তার ও আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের তিন সদস্য নগরীর বিভিন্ন স্থানে ১০ প্যাকেট তেহারি বিতরণ করেন। খালিশপুরের আবু নাসের মোড়, গোয়ালখালীর মোড় ও দৌলতপুরের লেকভিউ রেস্টুরেন্টের সামনে কয়েকজনকে জড়ো করে তারা খাবার দেন। এ সময় খাবার বিতরণের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে সংশ্লিষ্টদের শনাক্ত করে দৌলতপুর থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- দৌলতপুরের পাবলা কারিকরপাড়া এলাকার কাজী মুন্সির ছেলে পারভেজ হাসান ও পাবলা কেশবলাল রোডের কবির বটতলা এলাকার কামরুজ্জামানের ছেলে সাব্বির হোসেন সৈকত। পুলিশের দাবি, দুজনই সাবেক ছাত্রলীগের সদস্য। এ ঘটনায় অপু নামে আরও একজন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর পশ্চিম বানিয়াখামার পুরাতন গল্লামারী রোডের পশু হাসপাতালের সামনে কয়েকজনকে জড়ো করে খাবার বিতরণের অভিযোগে পাঁচজনকে আটক করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- লবণচরা থানার মদিনা নগর গলির নজরুল ইসলামের ছেলে আলী হোসেন, খুলনা সদর থানার দরগা রোড মেজরের মোড় এলাকার জুলহাসের ছেলে ইমন, লবণচরা থানার সাচিবুনিয়া সুইচগেট এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম, সোনাডাঙ্গা মডেল থানার পুরাতন গল্লামারী কুবা মসজিদের পাশের এলাকার মৃত আরশাদ আলীর ছেলে আব্দুস সামাদ এবং একই এলাকার চিড়ার মিল গলির সফিকুল সরদারের ছেলে রনি সরদার।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে আগের কর্মসূচির স্মৃতি জাগিয়ে তোলা এবং সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার অপচেষ্টা হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। খাবার বিতরণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে কার্যক্রম ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।