সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৩:৫০ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১৩:৫১ পিএম
শারীরিক প্রতিবন্ধী পাঁচ ভাই-বোন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শরীরের নিচের অংশে শক্তি নেই। নিজেরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। প্রতিদিনের ছোট ছোট কাজেও অনেক সময় অন্যের সহযোগিতা নিতে হয়।
কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তাদের স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি। প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই পড়াশোনা চালিয়ে গেছেন একই পরিবারের পাঁচ ভাই-বোন। তাদের কেউ স্নাতকোত্তর শেষ করেছেন, কেউ স্নাতক, কেউ কলেজে, আবার কেউ পড়ছেন বিদ্যালয়ে। এখন তাদের স্বপ্ন- যোগ্যতা ও মেধার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পাওয়া।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়া গ্রামের এই পাঁচ ভাই-বোনের জীবনসংগ্রামের গল্প যেন হার না মানার এক অনন্য উদাহরণ। তাদের বাবা মহরম আলীও ছিলেন শারীরিক প্রতিবন্ধী। প্রায় আট বছর আগে তিনি মারা যান। এরপর পরিবারের দায়িত্ব নেন তার ভাই। কিন্তু বছর খানেক আগে তিনিও প্যারালাইজড হয়ে পড়ায় পরিবারটি আরও অসহায় হয়ে পড়ে।
এ অবস্থায় জীবনের অনিশ্চয়তা আর আর্থিক সংকটের মধ্যে দাঁড়িয়ে পাঁচ ভাই-বোনের একটাই প্রত্যাশা- রাষ্ট্র তাদের একটি সুযোগ দিক। তাদের ভাষায়, ‘প্রধানমন্ত্রী, আমাদের একটি সুযোগ দিন। আমরা কারও করুণা চাই না। আমাদের মধ্যে অন্তত একজনকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির সুযোগ দিন। আমরা নিজেদের মেধা ও শ্রম দিয়ে দেশের জন্য কাজ করতে চাই।
পাঁচ ভাই-বোনের মধ্যে বড় সুজন মিয়া কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। তার ছোট বোন মারজিয়া বেগম বাজিতপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। আরেক বোন জহুরা বেগম সমাজকর্ম বিভাগে প্রথম বর্ষে পড়ছেন। মুক্তা আক্তার এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। সবার ছোট পান্না আক্তার দশম শ্রেণির শিক্ষার্থী।
শৈশব থেকেই তাদের জীবনে ছিল নানা প্রতিবন্ধকতা। অন্য শিশুদের মতো খেলাধুলা, বিদ্যালয়ে যাওয়া কিংবা স্বাভাবিকভাবে চলাফেরা-কোনোটিই তাদের জন্য সহজ ছিল না। কিন্তু পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। শারীরিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় বিদ্যালয় কিংবা কলেজে যাতায়াত করতে অন্যের সহযোগিতা নিতে হয়েছে। কখনো পরিবার, কখনো আত্মীয়স্বজন কিংবা প্রতিবেশীদের সহায়তায় তারা শিক্ষাজীবন চালিয়ে গেছেন।
পরিবারটির সদস্যরা জানান, আর্থিক সংকটও ছিল তাদের নিত্যসঙ্গী। সংসারে স্থায়ী ও পর্যাপ্ত আয় না থাকলেও সন্তানদের লেখাপড়া বন্ধ করেননি বাবা মহরম আলী। নিজের সীমাবদ্ধতার মধ্যেই সন্তানদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেছেন। তার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নেওয়া চাচাও অসুস্থ হয়ে পড়ায় এখন পরিবারটির সামনে ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শিক্ষাজীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে সুজন মিয়া উচ্চশিক্ষা শেষ করলেও এখনও তার হাতে কোনো স্থায়ী চাকরি নেই। মারজিয়াও স্নাতক শেষ করে কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। তাদের আশঙ্কা, সুযোগের অভাবে দীর্ঘদিনের শিক্ষাজীবন ও অর্জিত যোগ্যতা একসময় কাজে লাগানো কঠিন হয়ে পড়বে।
সুজন মিয়া বলেন, আমরা পাঁচ ভাই-বোনই প্রতিবন্ধী। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না, তারপরও হাল ছাড়িনি। অনেক বাধা পেরিয়ে আমি স্নাতকোত্তর শেষ করেছি। আমার বোনও স্নাতক শেষ করেছে। এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন একটি কর্মসংস্থানের সুযোগ।
তিনি বলেন, আমরা পাঁচ ভাই-বোনের মধ্যে অন্তত একজনকে যদি যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে। আমরা কারও দয়া বা করুণা চাই না। আমরা কাজ করার সুযোগ চাই। সুযোগ পেলে নিজেদের যোগ্যতা দিয়ে প্রমাণ করতে চাই।
স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক বলেন, এই পরিবারের পাঁচ সন্তানই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বড় হয়েছে। তারপরও তারা পড়াশোনা চালিয়ে গেছে। এটা সহজ কোনো বিষয় নয়। তাদের মধ্যে অন্তত একজনকে তার যোগ্যতা ও মেধার ভিত্তিতে সরকারি চাকরির সুযোগ দেওয়া হলে পরিবারটি অনেকটা স্বাবলম্বী হতে পারবে। আমরা গ্রামবাসী সরকারের কাছে এই সহযোগিতা চাই।
আরেক স্থানীয় বাসিন্দা উজ্জল মিয়া বলেন, পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলী প্রায় আট বছর আগে মারা যান। এরপর তার ভাই পরিবারটির দায়িত্ব নেন। কিন্তু বছর খানেক আগে তিনিও প্যারালাইজড হয়ে যান। এখন পরিবারটি খুবই অসহায় অবস্থায় আছে। পাঁচ ভাই-বোনের মধ্যে যারা পড়াশোনা শেষ করেছে, তাদের একজনের যদি চাকরির ব্যবস্থা করা যায়, তাহলে পরিবারটির জীবন বদলে যেতে পারে।
পরিবারটির সদস্যরা জানান, তাদের চাওয়াটা খুব বেশি নয়। তারা চান না কেউ তাদের প্রতি করুণা দেখাক। তারা শুধু চান, তাদের শিক্ষাগত যোগ্যতা ও মেধা বিবেচনায় নিয়ে একটি সুযোগ দেওয়া হোক। দীর্ঘদিন ধরে যে শিক্ষা ও সংগ্রামের মধ্য দিয়ে তারা নিজেদের তৈরি করেছেন, কর্মক্ষেত্রে সুযোগ পেলে সেই জ্ঞান ও শ্রম দেশের কাজে লাগাতে চান।
এই প্রত্যাশার মধ্যেই আগামীকাল রবিবার প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে পরিবারটি। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের খবর তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তাদের প্রত্যাশা, সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগ মিলবে। নিজেদের জীবনসংগ্রাম, শিক্ষাগত যোগ্যতা এবং পরিবারের বর্তমান পরিস্থিতির কথা সরাসরি তুলে ধরতে চান তারা।
সুজন বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক মিনিট কথা বলতে চাই। আমাদের পরিবারের অবস্থার কথা জানাতে চাই। আমরা কীভাবে প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে পড়াশোনা করেছি, সেটিও বলতে চাই। প্রধানমন্ত্রী যদি আমাদের কথা শোনেন এবং আমাদের মধ্যে একজনকে যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ দেন, তাহলে আমাদের পরিবারটি নতুন করে বাঁচার আশা পাবে।
পরিবারটি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান ইকবালের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছে। তাদের প্রত্যাশা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরি হবে এবং তাদের দাবিটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল বলেন, পাঁচ ভাই-বোনের এই পরিবারটি শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যে দৃষ্টান্ত তৈরি করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাদের জীবনসংগ্রাম সমাজের জন্যও একটি শিক্ষা। তারা যদি উপযুক্ত সুযোগ পায়, তাহলে নিজেদের যোগ্যতা দিয়ে অনেক কিছু করতে পারবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করে পরিবারটির পাশে দাঁড়ালে এটি শুধু একটি পরিবারের জন্য সহায়তা হবে না, দেশের অসংখ্য প্রতিবন্ধী মানুষের জন্যও একটি ইতিবাচক বার্তা হবে। প্রতিবন্ধী মানুষেরাও যে সুযোগ পেলে সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, এই পরিবারটি তার উদাহরণ।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন বলেন, আমি এখানে কিছুদিন আগে যোগদান করেছি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। খোঁজখবর নিয়ে পরিবারটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সম্ভব হলে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।